সিলেট প্রতিনিধি ৭ ফেব্রুয়ারি ২০২৬ , ৩:৩৯:৪৯ প্রিন্ট সংস্করণ
ক্ষমতায় গেলে এ দেশকে যুবকদের হাতে তুলে দেওয়া হবে বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার নবীনচন্দ্র মাঠে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
এ সময় জামায়াত আমির বলেন, “যারা বুক চিতিয়ে এ দেশকে নতুন করে অবস্থান তৈরি করে দিয়েছে, তাদের স্বপ্ন বাস্তবায়নে বাংলাদেশ জামায়াতে ইসলামী ভবিষ্যতে আপসহীনভাবে কাজ করবে।”
বক্তব্যের শুরুতে তিনি স্থানীয় উন্নয়নের বিষয় তুলে ধরেন। দেশের দায়িত্ব পেলে **সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর**কে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে গড়ে তোলার আশ্বাস দেন।
তিনি আরও বলেন, বিমানে লোকসান হচ্ছে দুর্নীতির কারণে। জামায়াত ক্ষমতায় গেলে প্রাধান্য দিয়ে এই দুর্নীতি চিরতরে বন্ধ করা হবে। কারণ জামায়াতের একমাত্র লক্ষ্য চাঁদাবাজি ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ে তোলা।
বক্তব্যের শেষাংশে তিনি বলেন, ক্ষমতায় গেলে বাংলাদেশ হবে সকল নাগরিকের দেশ, যেখানে কোনো বৈষম্য থাকবে না। জনসভা শেষে মঞ্চে জামায়াতের প্রার্থীদের পরিচয় করিয়ে দেন তিনি।




















