সারাদেশ

নির্বাচন উপলক্ষে বুড়িমারী স্থলবন্দর ৩ দিন বন্ধ

  প্রতিনিধি ১১ ফেব্রুয়ারি ২০২৬ , ১১:০০:৪৫ প্রিন্ট সংস্করণ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আজ বুধবার থেকে টানা ৩ দিন বন্ধ থাকবে লালমনিরহাটের পাটগ্রামের বুড়িমারী স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম। বুধবার ও বৃহস্পতিবার এবং শুক্রবার সাপ্তাহিক ছুটি থাকায় টানা ৩ দিন বন্দরের কার্যক্রম বন্ধ থাকবে।

বুড়িমারী সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ফারুক হোসেন ও সাধারণ সম্পাদক এ এস এম নিয়াজ নাহিদ গতকাল মঙ্গলবার সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেন।

জানা গেছে, ৯ ফেব্রুয়ারি জনপ্রশাসন মন্ত্রণালয়ের একটি চিঠির বরাত দিয়ে বুড়িমারী সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন একটি চিঠি ইস্যু করেছে।

এতে জানানো হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ১১ ও ১২ ফেব্রুয়ারি বিশেষ ছুটি থাকবে। এ কারণে বুড়িমারী স্থল শুল্ক স্টেশনের সিঅ্যান্ডএফ কার্যক্রম বন্ধ থাকবে। আগামী ১৪ ফেব্রুয়ারি পূর্বের মতো যথারীতি কার্যক্রম চলবে।

এ বিষয় উল্লেখ করে চিঠি দিয়ে ভারতের চ্যাংড়াবান্ধা, ভুটান ও বাংলাদেশের বুড়িমারীর কাস্টমস, বন্দর কর্তৃপক্ষ, বিজিবি-বিএসএফ কমান্ডার, আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশন, চালক, কর্মচারী ও শ্রমিক অ্যাসোসিয়েশন এবং বুড়িমারীর স্থানীয় ব্যাংকের শাখা ব্যবস্থাপক, বিভিন্ন গোয়েন্দা সংস্থা, বুড়িমারী পুলিশ ইমিগ্রেশনকে জানিয়েছে তারা (বুড়িমারী সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন)।

অপরদিকে বুড়িমারী স্থলবন্দর ইমিগ্রেশন সূত্র জানায়, একই দিন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বহিরাগমন শাখা থেকে একটি চিঠি জারি/ইস্যু করা হয়েছে। এতে নির্বাচন কার্যক্রম নির্বিঘ্ন করতে ১২ ফেব্রুয়ারি ভোর ৬টা থেকে ১৩ ফেব্রুয়ারি ভোর ৬টা পর্যন্ত স্থলবন্দরের ইমিগ্রেশন চেকপোস্ট/তল্লাশি চৌকি দিয়ে বহিরাগমনাগমন বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

বুড়িমারী সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ফারুক হোসেন বলেন, ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সরকারি নির্দেশনা মোতাবেক বুড়িমারী স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম দুই দিন ও সাপ্তাহিক ছুটির দিন শুক্রবারসহ মোট ৩ দিন বন্ধ রাখা হবে। আগামী ১৪ ফেব্রুয়ারি পুনরায় ব্যবসায়ী কার্যক্রম চালু করা হবে।’

বুড়িমারী স্থলবন্দর পুলিশ ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) সাইফুর রহমান নির্বাচন উপলক্ষে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চিঠি পাওয়ার সত্যতা নিশ্চিত করেছেন।

বুড়িমারী স্থল শুল্ক স্টেশনের সহকারী কমিশনার (এসি) দেলোয়ার হোসেন বলেন, ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বুড়িমারী স্থলবন্দরের ব্যবসায়ীরা চিঠি দিয়ে ২ দিন বন্ধ রাখার কথা জানিয়েছে। শুক্রবার সাপ্তাহিক বন্ধের দিনও আমদানি-রপ্তানি বন্ধ থাকবে।’

আরও খবর

Sponsered content