মহসিন মোল্যা, মাগুরা জেলা প্রতিনিধি ১৩ এপ্রিল ২০২৬ , ৩:০৬:০০ প্রিন্ট সংস্করণ
মাগুরার শ্রীপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা স্বাস্থ্য বিভাগে জরুরি ওষুধ ও চিকিৎসা যন্ত্রপাতি সরবরাহ করা হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও কমিউনিটি ক্লিনিকগুলোতে ওষুধ সংকট নিরসন এবং রোগীদের চিকিৎসাসেবা নির্বিঘ্ন রাখতে সোমবার সকালে এসব সামগ্রী প্রদান করা হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, সম্প্রতি জেলা সিভিল সার্জন ডা. শামীম কবীর জেলার বিভিন্ন কমিউনিটি ক্লিনিক পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি ক্লিনিকগুলোতে গ্লুকোমিটার ও গ্লুকোমিটার স্ট্রিপের ঘাটতি দেখতে পান। এ সময় সিএইচসিপিদের সঙ্গে আলাপে তিনি জানতে পারেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেও প্রয়োজনীয় ওষুধের সংকট রয়েছে। বিষয়টি তিনি জেলা প্রশাসক মো. আবদুল্লাহ আল মাহমুদকে অবহিত করেন।
পরবর্তীতে জেলা প্রশাসক রোগীদের চিকিৎসাসেবা যেন ব্যাহত না হয়, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজমুল ইসলামকে নির্দেশনা দেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজমুল ইসলাম স্বাস্থ্য বিভাগের সঙ্গে সমন্বয় করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২০ ভায়াল অ্যান্টিভেনম ইনজেকশন, ৪০ ভায়াল অ্যান্টি-র্যাবিস, ২৬টি গ্লুকোমিটার মেশিন এবং ২ হাজার ৬০০টি গ্লুকোমিটার স্ট্রিপ সরবরাহ করেন।
এর আগে গত মার্চ মাসে সাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তা সালেক মুহিত হরমোন অ্যানালাইজার মেশিন ও একটি আইপিএস প্রদান করেছিলেন। এসব যন্ত্রপাতি সরবরাহের ফলে স্বাস্থ্য বিভাগের কার্যক্রমে গতি এসেছে। বিশেষ করে বিদ্যুৎ বিভ্রাটের সময় আগে টর্চলাইটের আলোয় চিকিৎসাসেবা দিতে হতো। বর্তমানে আইপিএস সুবিধা চালু হওয়ায় এ সমস্যার অনেকটাই সমাধান হয়েছে।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আশরাফুজ্জামান লিটন বলেন, ওষুধ ও যন্ত্রপাতি সরবরাহে সহযোগিতা করায় জেলা সিভিল সার্জন ডা. শামীম কবীর, জেলা প্রশাসক মো. আবদুল্লাহ আল মাহমুদ এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজমুল ইসলামকে ধন্যবাদ জানাই।




















