সারাদেশ

বিএনপির দাবি ‘জামায়াত-শিবির’, জামায়াত বলছে ‘আওয়ামী লীগ’

  প্রতিনিধি ২৩ নভেম্বর ২০২৫ , ৬:৩২:১০ প্রিন্ট সংস্করণ

খাগড়াছড়ির গুইমারা উপজেলায় শনিবার (২২ নভেম্বর) ১৯ জনের বিএনপিতে যোগদানের ঘটনাকে বিএনপি ‘জামায়াত-শিবির থেকে যোগদান’ বলে প্রচার করায় তীব্র প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

রোববার (২৩ নভেম্বর) দুপুর দুইটায় জামায়াতে ইসলামী গুইমারা শাখা আয়োজিত জরুরি সংবাদ সম্মেলনে দলটির নেতারা দাবি করেন, যোগদানকারীদের সঙ্গে জামায়াত বা ইসলামী ছাত্রশিবিরের কোনো সম্পর্কই নেই। তাদের কেউ আগে থেকেই বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন, আবার কেউ আওয়ামী লীগের রাজনীতি করতেন এবং বিভিন্ন দায়িত্ব পালন করেছেন।

লিখিত বক্তব্য পাঠ করেন গুইমারা উপজেলা জামায়াতের আমির মো. রফিকুল ইসলাম। তিনি বলেন, ‘বেশ কিছুদিন ধরে গুইমারায় জামায়াতের নেতা-কর্মীদের ভয়ভীতি ও হুমকি দিয়ে বিএনপিতে যোগদান করানোর চেষ্টা চলছে। এতে অনেকে নিরাপত্তাহীনতায় ভুগছেন।’

সংবাদ সম্মেলনে আরও দাবি করা হয়, চাপ ও হুমকিতে জামায়াতের আদর্শিক আন্দোলনকে থামানো যাবে না। হুমকি দিয়ে নিজেদের কর্মীদের দলে ভেড়াতে ব্যর্থ হয়ে আগে থেকে বিএনপি ও আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিদের দিয়ে ‘নাটক’ সাজানো হয়েছে। যোগদানকারীরা বিএনপি-আওয়ামী লীগের কর্মী—এমন প্রমাণ জামায়াতের হাতে আছে দাবি করে সংবাদ সম্মেলনে তাদের বিভিন্ন কর্মসূচির কিছু ছবি প্রদর্শন করা হয়।

জামায়াত নেতারা বলেন, ‘এই যোগদানকে যদি আওয়ামী লীগ, ছাত্রলীগ ও বিএনপির নেতা-কর্মীদের বিএনপিতে যোগদান বলা হতো, তাহলেই সত্য বলা হতো।’ এ ধরনের ‘অপরাজনীতি ও মিথ্যাচার’ থেকে বিরত থাকতে ‘বন্ধুপ্রতিম সংগঠনের’ নেতাদের প্রতি উদাত্ত আহ্বান জানান তারা।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সেক্রেটারি মো. সাজিদুর রহমান, প্রচার ও মিডিয়া সম্পাদক মো. আবু বকর সিদ্দিক, সমাজকল্যাণ সম্পাদক ওমর ফারুক, অফিস ও বায়তুলমাল সম্পাদক মুজাহিদুর রহমান, উপজেলা টিম সদস্য আবুল হোসেন বাবু ও মো. আমিনুল ইসলাম এবং ইসলামী ছাত্রশিবির গুইমারা শাখার সভাপতি মো. মাইনউদ্দিন প্রমুখ।

উল্লেখ্য, শনিবার রাতে গুইমারা উপজেলা বিএনপিতে যোগদান করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরের ১৯ নেতাকর্মী। খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও দলের মনোনীত প্রার্থী খাগড়াছড়ি-২৯৮ আসনের ওয়াদুদ ভূঁইয়ার বাসভবনে আয়োজিত অনুষ্ঠানে তাদের ফুল দিয়ে বরণ করা হয় বলে জানা যায়।

গুইমারা উপজেলা ইসলামী শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাবেক প্রচার সম্পাদক রবিউল ইসলাম ও জামায়াত সদস্য কালাম উদ্দিনের নেতৃত্বে এই যোগদান কার্যক্রম সম্পন্ন হয়। যোগদানকারীদের মধ্যে ছয়জন ছাত্রশিবিরের সদস্য ছিলেন বলে জানা যায়।

স্বেচ্ছায় বিএনপিতে যোগ দেওয়ায় কৃতজ্ঞতা জানান খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভূইয়া।

আরও খবর

Sponsered content