সারাদেশ

কাশিয়ানীতে স্বেচ্ছাসেবীদের উদ্যোগে ‘ইমারজেন্সি ব্লাড ব্যাংক ভাটিয়াপাড়া’, মুমূর্ষু রোগীদের পাশে একদল তরুণ

  শেখ শোভন আহমেদ: ১৬ মার্চ ২০২৬ , ৪:৩৪:৩৯ প্রিন্ট সংস্করণ

স্বেচ্ছায় রক্তদান মানবকল্যাণের এক অনন্য দৃষ্টান্ত এবং নিরাপদ রক্ত সরবরাহ ব্যবস্থার গুরুত্বপূর্ণ ভিত্তি। এটি এমন একটি মানবিক উপহার, যা একজন মানুষের জীবন বাঁচাতে পারে, অথচ দাতার কোনো ক্ষতি করে না। আধুনিক চিকিৎসাবিজ্ঞানের অগ্রগতির সঙ্গে সঙ্গে রক্তের চাহিদা বাড়ছে প্রতিনিয়ত, আর সেই চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন স্বেচ্ছাসেবী রক্তদাতা ও বিভিন্ন সামাজিক সংগঠন।

এই মানবিক উদ্যোগের অংশ হিসেবে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় একদল তরুণ গড়ে তুলেছেন “ইমারজেন্সি ব্লাড ব্যাংক ভাটিয়াপাড়া” নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন। সংগঠনটির সদস্যরা নিয়মিতভাবে মানবসেবায় নিজেদের নিয়োজিত রাখছেন। উপজেলার বিভিন্ন এলাকা ও বাইরের অঞ্চল থেকেও মুমূর্ষু রোগীদের জন্য রক্তের প্রয়োজন হলে সংগঠনের সদস্যরা স্বেচ্ছায় রক্তদান করে রোগীর জীবন বাঁচাতে এগিয়ে আসেন।

সংগঠনটির সদস্যদের সঙ্গে সরাসরি যোগাযোগ বা মুঠোফোনে খবর দিলেই দ্রুত প্রয়োজনীয় রক্তদাতার ব্যবস্থা করা হয়। এ কারণে স্থানীয়ভাবে সংগঠনটি ব্যাপক প্রশংসা ও পরিচিতি লাভ করেছে।

জানা গেছে, ২০২৩ সালে কাশিয়ানী উপজেলার সদর ইউনিয়নের শেখ রাকিব হাসানসহ কয়েকজন তরুণের উদ্যোগে এই সংগঠনটি প্রতিষ্ঠিত হয়। বর্তমানে এতে অর্ধশতাধিক সদস্য সক্রিয়ভাবে যুক্ত রয়েছেন।

কাশিয়ানী সদরের বাসিন্দা সিপন হাওলাদার বলেন, “কিছুদিন আগে আমার এক রোগীর জন্য জরুরি রক্তের প্রয়োজন ছিল। অনেক খোঁজাখুঁজির পর ‘ইমারজেন্সি ব্লাড ব্যাংক ভাটিয়াপাড়া’-এর রাকিবের সঙ্গে যোগাযোগ করি। মাত্র পাঁচ মিনিটের মধ্যেই একজন ডোনার এসে রক্ত দেন। এতে আমার রোগী দ্রুত সুস্থ হয়ে ওঠে। তারা সত্যিই অসাধারণ কাজ করছে।”

সংগঠনটির অন্যতম প্রতিষ্ঠাতা শেখ রাকিব হাসান বলেন, “রক্তের অভাবে কাউকে যেন মারা যেতে না হয়—এই লক্ষ্য নিয়েই আমরা কাজ করছি। আমরা শুধু মানুষের উপকার করতে চাই। সমাজের বৈষম্য দূর করতে সবাইকে এগিয়ে আসতে হবে।”

উল্লেখ্য, বহুল আলোচিত এই সংগঠনটিতে কোনো আনুষ্ঠানিক পদ-পদবি নেই। এখানে সবাই সমানভাবে কাজ করেন। স্থানীয় সচেতন মহলের মতে, যেখানে অনেক সময় টাকার বিনিময়েও রক্ত পাওয়া কঠিন হয়ে পড়ে, সেখানে এই সংগঠনের স্বেচ্ছায় রক্তদান মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে।

আরও খবর

Sponsered content