প্রতিনিধি ১১ এপ্রিল ২০২৬ , ১:০৫:৫৭ প্রিন্ট সংস্করণ
নাটোরের বাগাতিপাড়াতেও সারাদেশে চলমান জ্বালানি সংকটের প্রভাব পড়েছে । তবে এখানে সংকটের তীব্রতা বেশি, কারণ উপজেলাটিতে কোনো জ্বালানি তেল পাম্প নেই।
জানা গেছে, স্থানীয়ভাবে কয়েকটি দোকানে খুচরা তেল বিক্রি হলেও সরবরাহ বন্ধ থাকায় সেগুলোও এখন অচল হয়ে পড়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ, বিশেষ করে যানবাহন চালকরা। স্থানীয় সূত্রে জানা যায়, বাগাতিপাড়ায় কোনো তেল পাম্প নেই। ফলে উপজেলার মানুষকে জ্বালানি তেলের জন্য নির্ভর করতে হয় খুচরা বিক্রেতাদের ওপর। কিন্তু সাম্প্রতিক সংকটে ওই দোকানগুলোতেও তেল সরবরাহ বন্ধ হয়ে গেছে।
উপজেলার বিহারকোল বাজারের যমুনা তেলের ডিস্ট্রিবিউটর মেসার্স মন্ডল ট্রেডার্সের স্বত্বাধিকারী ফজলু মন্ডল জানান, গত মাসের ৩০ তারিখ থেকে তারা কোনো তেল পাননি। বাঘাবাড়ি ডিপো থেকে তেল সরবরাহ হওয়ার কথা থাকলেও বিভিন্নভাবে যোগাযোগ করেও কোনো সাড়া মেলেনি। এতে তার ব্যবসা কার্যত বন্ধ হয়ে গেছে।
উপজেলার কয়েকজন বাসিন্দা জানান, তেলের জন্য তাদের জেলা শহর নাটোরে যেতে হচ্ছে। এতে যাতায়াতেই এক লিটার বা তার বেশি তেল খরচ হয়ে যাচ্ছে। এরপরও নিশ্চিতভাবে তেল পাওয়া যাচ্ছে না। কখনো দুই-তিন লিটার তেল পাওয়া গেলেও অনেক সময় দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থেকেও খালি হাতে ফিরতে হচ্ছে।
উপজেলার পৌর এলাকার বাসিন্দা রফিকুল নামে এক ভুক্তভোগী বলেন, ‘তেল আনতে গিয়ে যেতেই তেল শেষ হয়ে যায়। গিয়ে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকতে হয়। তারপরও তেল না পেয়ে ফিরে আসতে হয়।’
আরেকজন বাসিন্দা বলেন, ‘পাশের উপজেলাগুলোতে তেল পাম্প থাকায় তাদের ভোগান্তি তুলনামূলক কম। কিন্তু বাগাতিপাড়ায় পাম্প না থাকায় সংকট আরও প্রকট আকার ধারণ করেছে। স্থানীয় তেল বিক্রির দোকানগুলোতে সরবরাহ নিশ্চিত করা গেলে কিছুটা স্বস্তি মিলতে পারে।’
এ বিষয়ে বাগাতিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলাউদ্দীন বলেন, ‘এর আগে যে সকল তেল বিক্রেতারা প্রশাসনের সঙ্গে যোগাযোগ করেছিলেন, তাদের তেলের ব্যবস্থা করে দেওয়া হয়েছে। পরে কেন সরবরাহ বন্ধ হয়ে গেছে, তা তার জানা নেই।’
তবে সংশ্লিষ্ট ব্যবসায়ী বা ডিস্ট্রিবিউটররা যোগাযোগ করলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।
জ্বালানি সংকটের কারণে উপজেলার স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। বিশেষ করে পরিবহন খাতে এর প্রভাব বেশি পড়েছে। স্থানীয়দের দাবি, দ্রুত স্থানীয় তেলের দোকানগুলেতে তেল সরবরাহ স্বাভাবিক করার পাশাপাশি বাগাতিপাড়ায় একটি স্থায়ী জ্বালানি তেল পাম্প স্থাপনের উদ্যোগ নেওয়া জরুরি।














