মো. নুরুজ্জামান শেখ, গাজীপুর ২০ এপ্রিল ২০২৬ , ১২:১৪:৪১ প্রিন্ট সংস্করণ
গাজীপুর মহানগরের টঙ্গী পশ্চিম থানা যুবদলের নাম ব্যবহার করে কোনো ধরনের অপকর্ম বা অনৈতিক কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়েছে সংগঠনটির নেতৃবৃন্দ।
এক যৌথ বিবৃতিতে থানা যুবদলের সভাপতি শেখ মো. সুমন ও সাধারণ সম্পাদক আজিজুর রহমান টিপু বলেন, যুবদল একটি বৃহৎ রাজনৈতিক সংগঠন, যা নেতাকর্মীদের আদর্শ ও বিশ্বাসের প্রতীক। কোনো ব্যক্তি ব্যক্তিগতভাবে অপরাধে জড়ালে তার দায় সংগঠন নেবে না।
বিবৃতিতে অভিযোগ করা হয়, একটি স্বার্থান্বেষী মহল যুবদলের নাম ব্যবহার করে বিভিন্ন অপকর্মে জড়ানোর চেষ্টা করছে, যা সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ন করছে। এ ধরনের কর্মকাণ্ডে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানানো হয়েছে।
নেতারা বলেন, টঙ্গী পশ্চিম থানা যুবদল কোনো ধরনের অসামাজিক বা অপরাধমূলক কর্মকাণ্ডকে প্রশ্রয় দেয় না। সংগঠনের নাম ভাঙিয়ে কেউ অপরাধ করলে তার বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার পাশাপাশি আইনের আওতায় আনা হবে।
এ ছাড়া নেতাকর্মী ও সাধারণ মানুষের প্রতি বিভ্রান্তিমূলক প্রচারণা সম্পর্কে সতর্ক থাকার আহ্বান জানিয়ে সংগঠনের শৃঙ্খলা ও ভাবমূর্তি অক্ষুণ্ণ রাখতে সবার সহযোগিতা কামনা করা হয়।




















