সারাদেশ

টঙ্গীতে পুকুরে ডুবে মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু

  মোঃ নুরুজ্জামান শেখ গাজীপুর ১৯ এপ্রিল ২০২৬ , ১১:১৬:০২ প্রিন্ট সংস্করণ

 

গাজীপুরের টঙ্গীর তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসায় গোসল করতে নেমে পুকুরের পানিতে ডুবে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
রবিবার (১৯ এপ্রিল) বিকেলে মাদ্রাসা ক্যাম্পাসের পুকুরে এই ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল পুকুর থেকে নিহত শিক্ষার্থীর লাশ উদ্ধার করে।
নিহত শিক্ষার্থীর নাম আমীর উদ্দিন গাজী। তিনি ওই মাদ্রাসার বালক শাখার ৭ম শ্রেণীর শিক্ষার্থী ছিলেন।

জানা যায়, আসরের নামাজের পর আমীর উদ্দিন গাজী মাদ্রাসার পুকুরে গোসল করতে নামে। একপর্যায়ে সে পানিতে তলিয়ে যায়। বিষয়টি জানতে পেরে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দেন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে প্রায় আধাঘণ্টার চেষ্টার পর পানির নিচ থেকে তার নিথর দেহ উদ্ধার করে। পরে নিকটস্থ একটি হসপিটালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে মাদ্রাসার অধ্যক্ষ ড. হিফজুর রহমানের তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।
মাদ্রাসার কেন্দ্রীয় ছাত্রসংসদের ভিপি মঈনুল ইসলাম জানান, নিহত শিক্ষার্থীর পিতা মৃত তার মা ঘটনা শুনার পর শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েন।

এবিষয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শাহিন আলম বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে প্রায় আধাঘন্টার চেষ্টায় শিক্ষার্থীর নিথর দেহ উদ্ধার করে।

এবিষয়ে টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ আরিফুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ প্রেরণ করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

আরও খবর

Sponsered content