সারাদেশ

মোহনগঞ্জে মুকসুদ আলী মেমোরিয়াল ট্রাস্টের বৃত্তি ও সংবর্ধনা

  সোহেল খান দূর্জয়, নেত্রকোনা প্রতিনিধি ২০ এপ্রিল ২০২৬ , ৪:১৯:৪৫ প্রিন্ট সংস্করণ


নেত্রকোনার মোহনগঞ্জে মুকসুদ আলী মেমোরিয়াল ট্রাস্টের উদ্যোগে ১৭তম শিক্ষা বৃত্তি প্রদান ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২০ এপ্রিল) বেলা ১১টায় উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ট্রাস্টের প্রতিষ্ঠাতা ও অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আছাব উদ্দিন খোকন।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহনগঞ্জ মহিলা কলেজের অধ্যক্ষ মো. মোখলেছুর রহমান। বিশেষ অতিথি ছিলেন মোহনগঞ্জ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শেখ মোহাম্মদ আব্দুল ওয়াদুদ এবং উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার স্নিগ্ধা চক্রবর্ত্তী।

প্রধান অতিথির বক্তব্যে মো. মোখলেছুর রহমান বলেন, শিক্ষাই মানুষের সবচেয়ে বড় সম্পদ। বৃত্তি শুধু আর্থিক সহায়তা নয়, এটি শিক্ষার্থীদের এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা। মেধাবীরা সুযোগ পেলে দেশকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এবার ট্রাস্টের পক্ষ থেকে ৩৪ জন কৃতি শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়। পাশাপাশি সমাজে অবদানের স্বীকৃতিস্বরূপ সহকারী অধ্যাপক, লেখক ও গীতিকার মো. জসিম উদ্দিন এবং বীর মুক্তিযোদ্ধার সহধর্মিণী কোহিনূর বেগমকে সংবর্ধনা ও ক্রেস্ট প্রদান করা হয়।

সভাপতির বক্তব্যে আবুল কালাম আজাদ জানান, ট্রাস্টের কার্যক্রম টেকসই করতে তিনি নিজের এক একর জমি ট্রাস্টের নামে দান করেছেন। ভবিষ্যতেও এই মানবিক উদ্যোগ অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

উল্লেখ্য, গত ১৭ বছর ধরে মুকসুদ আলী মেমোরিয়াল ট্রাস্ট দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান ও গুণীজনদের সম্মাননা দিয়ে আসছে, যা এলাকায় ব্যাপক প্রশংসিত।

আরও খবর

Sponsered content