সারাদেশ

কঠোর নজরদারিতে সাতক্ষীরায় মাধ্যমিক পরীক্ষা শুরু

  সাতক্ষীরা প্রতিনিধি ২১ এপ্রিল ২০২৬ , ৪:৫৮:১০ প্রিন্ট সংস্করণ


সারা দেশের মতো সাতক্ষীরায়ও শুরু হয়েছে এসএসসি, দাখিল ও কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে পাবলিক পরীক্ষা। সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশ নিশ্চিত করতে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা।

জেলায় মোট ৫১টি কেন্দ্রে ২১ হাজার ১৩২ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করছে। এর মধ্যে ১১ হাজার ২৩৯ জন ছাত্র এবং ৯ হাজার ৮৯৩ জন ছাত্রী। কেন্দ্রভিত্তিক হিসেবে মাধ্যমিক ২৯টি, মাদ্রাসা ১৪টি এবং কারিগরি ৮টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।

পরীক্ষা সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে প্রতিটি কেন্দ্রে একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন। নিরাপত্তা জোরদারে কেন্দ্রের প্রবেশপথে মোতায়েন রয়েছে পুলিশ সদস্যরা এবং প্রবেশের সময় শিক্ষার্থীদের তল্লাশি করা হচ্ছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, পরীক্ষার হলে সব ধরনের ইলেকট্রনিক ডিভাইস, এমনকি হাতঘড়ি পরাও নিষিদ্ধ করা হয়েছে।

সামগ্রিক ব্যবস্থাপনায় সন্তোষ প্রকাশ করেছেন অভিভাবক ও শিক্ষার্থীরা। তারা জানান, শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা দিতে পেরে স্বস্তি অনুভব করছেন।

সাতক্ষীরা জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আলমগীর কবীর বলেন, জেলায় এখন পর্যন্ত শান্তিপূর্ণভাবে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। কোথাও কোনো অনিয়মের খবর পাওয়া যায়নি। নকলমুক্ত পরিবেশ বজায় রাখতে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে এবং তৎপরতা অব্যাহত থাকবে।

আরও খবর

Sponsered content