সারাদেশ

হিলিতে টানা বৃষ্টিতে জনজীবনে দুর্ভোগ, জলাবদ্ধতায় ব্যাহত স্বাভাবিক চলাচল

  মোঃ শাহ্ আলম মন্ডল, দিনাজপুর প্রতিনিধি: ২১ মে ২০২৬ , ৯:৩৮:১৪ প্রিন্ট সংস্করণ

দিনাজপুরের হিলিতে ভোর থেকে টানা ভারী বৃষ্টিপাতের কারণে জনজীবনে দুর্ভোগ নেমে এসেছে। বৃহস্পতিবার (২১ মে) ভোর থেকে শুরু হওয়া বৃষ্টিতে রাস্তাঘাট ফাঁকা হয়ে পড়ে এবং প্রয়োজন ছাড়া মানুষকে বাইরে বের হতে দেখা যায়নি।

স্থানীয় সূত্রে জানা যায়, সকাল থেকেই আকাশ ছিল মেঘাচ্ছন্ন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে শুরু হয় ভারী বর্ষণ, যা দীর্ঘ সময় ধরে অব্যাহত থাকে। এতে উপজেলার বিভিন্ন সড়কে পানি জমে যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়।

বিশেষ করে নিম্নাঞ্চল ও বাজার এলাকার কয়েকটি সড়কে জলাবদ্ধতা দেখা দেওয়ায় পথচারীদের চরম ভোগান্তিতে পড়তে হয়েছে। অনেককে পানি মাড়িয়ে চলাচল করতে দেখা যায়।

বৃষ্টির কারণে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন ভ্যানচালক, রিকশাচালক ও দিনমজুর শ্রেণির মানুষ। কাজের উদ্দেশ্যে বাইরে বের হতে না পারায় আয়-রোজগার নিয়েও উদ্বেগে রয়েছেন তারা।

এদিকে টানা বৃষ্টির কারণে হিলি স্থলবন্দর এলাকার অনেক ব্যবসায়ী ও শ্রমিকও সময়মতো কর্মস্থলে পৌঁছাতে পারেননি, ফলে দৈনন্দিন কার্যক্রমে কিছুটা ব্যাঘাত ঘটেছে।

স্থানীয়রা জানান, কয়েকদিনের তীব্র গরমের পর বৃষ্টিতে কিছুটা স্বস্তি মিললেও দীর্ঘ সময় ধরে বৃষ্টি চলতে থাকায় দুর্ভোগ বেড়েছে। আবহাওয়া পরিস্থিতির দ্রুত উন্নতি না হলে জনদুর্ভোগ আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন তারা।

আরও খবর

Sponsered content