হুমায়ুন কবির, রাণীশংকৈল (ঠাকুরগাঁও): ৮ নভেম্বর ২০২৬ , ১১:০২:১৫ প্রিন্ট সংস্করণ
জাতীয় ঐক্য, সংহতি ও দেশপ্রেমের চেতনায় ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে নানা আয়োজনে পালিত হয়েছে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস। এ উপলক্ষে আলোচনা সভা, দেশাত্মবোধক সংগীতানুষ্ঠান, প্রীতি ফুটবল ম্যাচ, প্রামাণ্যচিত্র প্রদর্শনী ও শিক্ষার্থীদের প্রতিযোগিতার আয়োজন করা হয়।

শনিবার (৭ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইসরাত জাহান।
সভায় অতিথি ও আলোচক হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি আতাউর রহমান, সাধারণ সম্পাদক আল্লামা ওয়াদুদ বিন নূর আলিফ, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমানুল্লাহ আল বারী, পৌর বিএনপির সভাপতি অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক শাহজাহান আলী, সাধারণ সম্পাদক মহসিন আলী, সাংগঠনিক সম্পাদক এম আর বকুল মজুমদার এবং নন্দুয়ার ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান জমিরুর ইসলাম।
বীর মুক্তিযোদ্ধাদের পক্ষে বক্তব্য দেন আবুল হোসেন ও রিয়াজুল ইসলাম। এ ছাড়া উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক মনিরুজ্জামান মনি, মহিলা দলের আহ্বায়ক মনিরা বিশ্বাস ও সদস্যসচিব আনার কলিসহ অনেকে আলোচনায় অংশ নেন।
সভায় উপজেলার বীর মুক্তিযোদ্ধা, সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
আলোচনায় বক্তারা ৭ নভেম্বরকে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে উল্লেখ করেন। তাঁরা ১৯৭৫ সালের রাজনৈতিক পটপরিবর্তন, বাকশাল গঠন, ৩ নভেম্বরের সামরিক অভ্যুত্থান এবং ৭ নভেম্বরের সিপাহি-জনতার অভ্যুত্থানের ঐতিহাসিক প্রেক্ষাপট তুলে ধরেন। এ সময় বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ধারণ করে দেশ গড়া, জাতীয় ঐক্য সুদৃঢ় করা এবং স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
নতুন প্রজন্মের কাছে ৭ নভেম্বরের ইতিহাস, প্রেক্ষাপট ও তাৎপর্য তুলে ধরার ওপরও গুরুত্ব দেন বক্তারা। দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা অব্যাহত রাখতে জাতীয় ঐক্য ও সংহতির চর্চা জোরদার করার আহ্বান জানান তাঁরা।
আলোচনা সভা শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে দেশাত্মবোধক সংগীতানুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপসহকারী কৃষি কর্মকর্তা সাদেকুল ইসলাম।
বিকেলে রাণীশংকৈল মিনি স্টেডিয়ামে উপজেলা পরিষদ ও পৌরসভার মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। খেলায় উপজেলা পরিষদ ২-০ গোলে পৌরসভাকে পরাজিত করে। খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
সন্ধ্যায় উপজেলা পরিষদের মূল ফটকের সামনে এবং রাণীশংকৈল ডিগ্রি কলেজ মাঠে মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে ৭ নভেম্বরের ওপর প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। এতে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
এ ছাড়া দিবসটি উপলক্ষে উপজেলার সব শিক্ষাপ্রতিষ্ঠানে ৭ নভেম্বরের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। এর আগে সকালে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন দলের নেতাকর্মীরা।





















