নিজস্ব প্রতিবেদক | ঢাকা ২৫ মে ২০২৬ , ১২:১৬:২৪ প্রিন্ট সংস্করণ
রাজধানীর মহাখালীর রসুলবাগ এলাকায় এক শিশুকে ধর্ষণের অভিযোগ এবং ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টার অভিযোগে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়েছে। অভিযোগ রয়েছে, ঘটনার পর ভুক্তভোগী পরিবারকে বাড়ির বাইরে যেতে বাধা দেওয়া হয়েছে। রোববার (২৪ মে) বিষয়টি স্থানীয়ভাবে জানাজানি হলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।
ভুক্তভোগী শিশুর মায়ের অভিযোগ, ফালু নামের এক স্থানীয় দোকানি তার শিশুকে ধর্ষণ করেছে। ঘটনার পর বিষয়টি কাউকে না জানানোর জন্য শিশুটিকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি।
পরিবার সূত্রে জানা যায়, ঘটনাটি নিয়ে আইনি পদক্ষেপ নেওয়া কিংবা প্রতিবেশীদের অবহিত করার চেষ্টা করলে বাড়ির মালিক বাধা দেন বলে অভিযোগ রয়েছে। তাদের দাবি, লোকলজ্জা ও ব্যক্তিগত স্বার্থের কারণে ঘটনাটি গোপন রাখার চেষ্টা করা হয়েছে। এমনকি পরিবারটিকে কার্যত ঘরের ভেতরে আটকে রাখা হয় এবং বাইরে বের হতে নিষেধ করা হয় বলেও অভিযোগ উঠেছে।
রোববার স্থানীয়রা বিষয়টি জানতে পারলে এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়। স্থানীয় বাসিন্দারা অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা এবং অভিযোগ অনুযায়ী ঘটনা ধামাচাপায় জড়িতদেরও বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন।
এ বিষয়ে স্থানীয় থানার পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।




















