নওগাঁ প্রতিনিধি ২ জুন ২০২৬ , ১১:৩৪:৩০ প্রিন্ট সংস্করণ
নওগাঁর মান্দা উপজেলায় সরকারি রাস্তার গাছের আম পাড়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় একই পরিবারের পাঁচজন আহত হয়েছেন। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
উপজেলার ভালাইন ইউনিয়নের চকজামদই গ্রামের বাবুডাঙ্গা এলাকায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন— মো. এরশাদ আলী (৩৮), তার দুই ভাই মাহবুর আলী (৩৪) ও আব্দুল্লাহ হেল কাফি (২৪) এবং ছেলে রাহুল ইসলাম (১৬)। আহতরা মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।
এ ঘটনায় এরশাদ আলী বাদী হয়ে প্রতিবেশী ইয়াকুব আলীসহ ছয়জনের নাম উল্লেখ এবং অজ্ঞাতনামা আরও ৫ থেকে ৭ জনকে আসামি করে মান্দা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ৩০ মে সকালে এরশাদ আলীর ছেলে রাহুল ইসলাম সরকারি রাস্তার গাছ থেকে আম পাড়তে গেলে প্রতিবেশী ইয়াকুব আলীর পরিবারের সঙ্গে বিরোধের সৃষ্টি হয়। পরে এ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়।
অভিযোগে আরও বলা হয়, একই দিন দুপুরে এরশাদ আলী ও তার ভাই মাহবুর আলী বাবুডাঙ্গা এলাকায় অবস্থানকালে প্রতিপক্ষের লোকজন দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে তাদের ওপর হামলা চালায়। এতে তারা আহত হন। পরে পরিবারের অন্য সদস্যরাও হামলার শিকার হন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
ভুক্তভোগী এরশাদ আলী বলেন, “আম পাড়াকে কেন্দ্র করে আমাদের ওপর হামলা চালানো হয়েছে। আমরা এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার চাই।”
তবে অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত সিরাজুল ইসলাম ও মিরাজুল ইসলাম। তারা দাবি করেন, তাদের বিরুদ্ধে আনা অভিযোগ ভিত্তিহীন। বরং তারাই প্রতিপক্ষের হামলার শিকার হয়েছেন।
এদিকে মঙ্গলবার (২ জুন) সকালে বিষয়টি মীমাংসার লক্ষ্যে চকশিবরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে উভয় পক্ষকে নিয়ে বৈঠকের উদ্যোগ নেন ২ নম্বর ভালাইন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম মোস্তফা ও ইউপি সদস্য মাবুদ হোসেন। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত বৈঠকের ফলাফল জানা যায়নি।
মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) খোরশেদ আলম বলেন, “আম পাড়াকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্তের জন্য ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”




















