চুনারুঘাট প্রতিনিধি ২২ জুলাই ২০২৬ , ৮:০৬:৪৬ প্রিন্ট সংস্করণ
হবিগঞ্জের চুনারুঘাট পৌরসভায় চলমান Improvement of Urban Governance and Infrastructure Project (IUGIP)-এর রিভিউ মিশন সফলভাবে সম্পন্ন হয়েছে। গত ২০ জুন অনুষ্ঠিত এ রিভিউ কার্যক্রমে সরকার, উন্নয়ন সহযোগী সংস্থা ও স্থানীয় জনগণের অংশগ্রহণে প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা করা হয়।
রিভিউ মিশন টিম চুনারুঘাট পৌরসভায় পৌঁছালে পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা গালিব চৌধুরী তাদের স্বাগত জানান। এ সময় গার্লস গাইড ও স্কাউট সদস্যরা ফুলেল শুভেচ্ছার মাধ্যমে অতিথিদের বরণ করে নেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) মিশন টিম লিডার অমিত দত্ত রায়, ফরাসি উন্নয়ন সংস্থার (এএফডি) কান্ট্রি ডিরেক্টর সিনথিয়া মেলা, স্থানীয় সরকার বিভাগের যুগ্ম সচিব পরিমল সরকার, অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) ও অর্থ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোস্তফা মোর্শেদ, প্রকল্প পরিচালকসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে পৌর প্রশাসক গালিব চৌধুরীর সভাপতিত্বে টাউন লেভেল কো-অর্ডিনেশন কমিটির (টিএলসিসি) বিশেষ সভা অনুষ্ঠিত হয়। সভায় পৌর নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ লিয়াকত আলী মাল্টিমিডিয়া উপস্থাপনার মাধ্যমে পৌরসভার সার্বিক কার্যক্রম, আইইউজিআইপি প্রকল্পের বাস্তবায়ন অগ্রগতি, নাগরিক অংশগ্রহণ, আর্থিক ব্যবস্থাপনা, সুশাসন এবং ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা তুলে ধরেন।
উপস্থাপনায় পৌর এলাকার অবকাঠামোগত উন্নয়ন, জলাবদ্ধতা নিরসন, সড়ক ও ড্রেনেজ ব্যবস্থার আধুনিকায়ন, নিম্ন আয়ের জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন এবং নাগরিক সেবার মানোন্নয়নে গৃহীত বিভিন্ন উদ্যোগ তুলে ধরা হয়। রিভিউ মিশন টিম প্রকল্প বাস্তবায়নের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করে উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানায়।
পরে প্রতিনিধি দল স্থানীয় জনগণের সঙ্গে মতবিনিময় করেন এবং আইইউজিআইপি প্রকল্পের আওতায় বাস্তবায়িত বিভিন্ন উন্নয়নমূলক অবকাঠামো সরেজমিনে পরিদর্শন করেন। তারা প্রকল্পের মাধ্যমে সাধারণ মানুষের জীবনযাত্রায় ইতিবাচক পরিবর্তনের চিত্র প্রত্যক্ষ করেন।
বিকেলে মমিনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে স্থানীয় উন্নয়ন কমিটির উদ্যোগে আলোচনা সভা, উঠান বৈঠক ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে রিভিউ মিশন টিমের সদস্যরা অংশ নিয়ে স্থানীয়দের সঙ্গে মতবিনিময় করেন।
স্থানীয় বাসিন্দারা জানান, প্রকল্প বাস্তবায়নের ফলে এলাকার অবকাঠামো, নাগরিক সুবিধা এবং জীবনযাত্রার মান উল্লেখযোগ্যভাবে উন্নত হয়েছে। ভবিষ্যতেও টেকসই উন্নয়ন কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন তারা।
চুনারুঘাট পৌরসভার প্রশাসক গালিব চৌধুরী বলেন, “সরকার, উন্নয়ন সহযোগী সংস্থা ও নাগরিকদের সম্মিলিত প্রচেষ্টায় একটি আধুনিক, পরিবেশবান্ধব, টেকসই ও জনবান্ধব পৌরসভা গড়ে তোলার লক্ষ্যে কাজ চলছে। এডিবি, এএফডি ও এলজিইডির সহযোগিতা ছাড়া এত বড় উন্নয়ন সম্ভব হতো না। রিভিউ মিশনের প্রতিনিধিদের পরামর্শ বাস্তবায়নে আমরা কাজ করব।”
অনুষ্ঠানের শেষে রিভিউ মিশন টিম, উন্নয়ন সহযোগী সংস্থা, সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী, নিম্ন আয়ের এলাকা উন্নয়ন কমিটি (লিনিক) এবং অংশগ্রহণকারী নাগরিকদের প্রতি চুনারুঘাট পৌরসভার পক্ষ থেকে কৃতজ্ঞতা জানানো হয়।















