সারাদেশ

পোড়া মবিলে চলা জ্বালানি সাশ্রয়ী চুলা উদ্ভাবন, হরিণাকুণ্ডুর সাত্তারের ব্যতিক্রমী উদ্যোগ

  মো. রবিউল ইসলাম, হরিণাকুণ্ডু (ঝিনাইদহ) প্রতিনিধি ৬ জুন ২০২৬ , ২:০০:২১ প্রিন্ট সংস্করণ

 

পরিবেশ দূষণ রোধ ও বিকল্প জ্বালানি ব্যবহারের লক্ষ্যে ব্যবহৃত লুব্রিকেন্ট অয়েল বা পোড়া মবিল দিয়ে বিশেষ ধরনের চুলা তৈরি করে আলোচনায় এসেছেন ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার আঃ সাত্তার। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অবসরপ্রাপ্ত ওয়ার্ড বয় আঃ সাত্তার চাকরি জীবন শেষে নতুন এই উদ্ভাবনী উদ্যোগ নিয়ে কাজ শুরু করেন।

উদ্ভাবকের দাবি, তার তৈরি চুলায় জ্বালানি হিসেবে ব্যবহৃত হয় পরিত্যক্ত পোড়া মবিল। এতে এক লিটার ব্যবহৃত মবিল দিয়ে টানা প্রায় ৬ থেকে ৮ ঘণ্টা রান্না করা সম্ভব।

জানা যায়, ২০২৬ সালের ২১ ফেব্রুয়ারি থেকে নিজস্ব অর্থায়নে এ প্রকল্পের কাজ শুরু করেন তিনি। উপজেলার টাওয়ারপাড়া এলাকায় নিজ বাড়িতে পরীক্ষামূলকভাবে চুলা তৈরি করে এর কার্যকারিতা যাচাই করছেন।

আঃ সাত্তার জানান, বিশেষ প্রযুক্তিতে তৈরি এ চুলা সাধারণ চুলার তুলনায় ভিন্ন এবং ব্যবহার উপযোগী। তার ভাষ্য অনুযায়ী, চুলাটিতে বিদ্যুৎ বা ব্যাটারিচালিত ছোট একটি ফ্যানের মাধ্যমে বাতাস সরবরাহ করা হয়, যা শিখা নিয়ন্ত্রণে সহায়তা করে।

তিনি বলেন, “অপচয় হওয়া পোড়া মবিলকে জ্বালানি হিসেবে ব্যবহার করার মাধ্যমে পরিবেশ সংরক্ষণ এবং জ্বালানি সাশ্রয়ের একটি বিকল্প ব্যবস্থা তৈরি করার চেষ্টা করেছি। এটি সাধারণ মানুষের জন্য সাশ্রয়ী হতে পারে।”

তবে পরিবেশ ও স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, ব্যবহৃত লুব্রিকেন্ট অয়েল বা পোড়া মবিল দহনের ফলে ক্ষতিকর গ্যাস বা দূষক নির্গত হতে পারে কি না, সে বিষয়ে সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের মাধ্যমে পরীক্ষা-নিরীক্ষা এবং পরিবেশগত মূল্যায়ন প্রয়োজন।

ধুলিয়া আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক আব্দুস সালাম বলেন, “উদ্ভাবনের বিষয়টি জানতে পেরে সরেজমিনে গিয়ে দেখেছি। প্রযুক্তির ব্যবহার করে পরিত্যক্ত মবিলকে কাজে লাগানোর এই উদ্যোগ সত্যিই প্রশংসনীয়।”

হরিণাকুণ্ডু উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রদীপ্ত রায় দীপন বলেন, “এ ধরনের উদ্ভাবনী উদ্যোগকে আমরা স্বাগত জানাই। বিষয়টি সরেজমিনে পরিদর্শনের পরিকল্পনা রয়েছে। সম্ভাবনাময় কোনো উদ্ভাবন হলে প্রয়োজনীয় সহায়তা ও উৎসাহ দেওয়া হবে।”

স্থানীয়দের মতে, যথাযথ কারিগরি ও পরিবেশগত মূল্যায়নের মাধ্যমে উদ্যোগটি সফল হলে এটি বিকল্প জ্বালানি ব্যবহারে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করতে পারে।

আরও খবর

Sponsered content