মহসিন মোল্যা, মাগুরা জেলা প্রতিনিধি: ১৩ জুন ২০২৬ , ৫:৪৫:৩৫ প্রিন্ট সংস্করণ
মাগুরার শ্রীপুরে ডেঙ্গুসহ মশাবাহিত বিভিন্ন রোগ প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে। এ উপলক্ষে শনিবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে এবং উপজেলা স্বাস্থ্য বিভাগের সহযোগিতায় সচেতনতামূলক র্যালি ও লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণ থেকে বের হওয়া র্যালিটি বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাজমূল ইসলাম। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. নাজমুস সাকিব, মেডিকেল অফিসার ডা. আল ইয়াছিন শুভ, ডা. খুশি খাতুন, দারিয়াপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান গোলাম মওলা, ইউনিয়ন পরিষদের সচিব কাঞ্চন বিশ্বাস, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক এম. মকিদ হাসান, ইউপি সদস্য মো. এহসানুল্লাহ হক মিলন, সাবেক ইউপি সদস্য ও বিএনপি নেতা শাহাজাহান শেখ এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইপিআই টেকনোলজিস্ট তুষার কান্তি ঢালী।
এ ছাড়া উপজেলা স্বাস্থ্য বিভাগের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী এবং দারিয়াপুর ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ সদস্যরা পরিচ্ছন্নতা অভিযান বাস্তবায়নে সহযোগিতা করেন।
বক্তারা বলেন, ডেঙ্গু ও অন্যান্য মশাবাহিত রোগ প্রতিরোধে সচেতনতার পাশাপাশি বাড়িঘর ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা অত্যন্ত জরুরি। মশার প্রজননস্থল ধ্বংসে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।




















