হবিগঞ্জ সংবাদদাতা ১৫ জুন ২০২৬ , ৬:০৪:৩৪ প্রিন্ট সংস্করণ
মানবাধিকার রক্ষা ও সামাজিক সেবামূলক কার্যক্রমের অঙ্গীকার নিয়ে ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করেছে মানবাধিকার সংস্থা কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ড (CHRW)।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সোমবার (১৫ জুন) বিকেল ৪টায় কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ডের হবিগঞ্জ জেলা শাখার উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা শাখার অস্থায়ী কার্যালয় এসটি ট্রেনিং ইনস্টিটিউটে আয়োজিত এ সভার আহ্বান করেন সংগঠনের সাধারণ সম্পাদক শাহ্ মো. মামুনুর রহমান।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা শাখার সভাপতি মো. শরীফ উদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি এনামুল হক এনাম, সহ-সভাপতি সামছুদ্দিন আহমেদ মঞ্জু, সাধারণ সম্পাদক শাহ্ মো. মামুনুর রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক মো. সোহেল মিয়া, মহিলা বিষয়ক সম্পাদক এনি মনি দাশ, ধর্মবিষয়ক সম্পাদক শাহ্ কামরুজ্জামান, প্রচার সম্পাদক মো. আবু তাহের কদর আলী এবং সমাজকল্যাণ সম্পাদক সাহেব আলীসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
সভায় বক্তারা সংগঠনের বিগত ছয় বছরের গৌরবময় পথচলা, মানবাধিকার রক্ষায় বিভিন্ন কার্যক্রম এবং সামাজিক সেবামূলক উদ্যোগের কথা তুলে ধরেন। পাশাপাশি আগামী দিনে হবিগঞ্জ জেলার সর্বত্র মানবাধিকার প্রতিষ্ঠা, সুবিধাবঞ্চিত মানুষের আইনি সহায়তা প্রদান এবং সামাজিক সচেতনতা বৃদ্ধিতে আরও সক্রিয় ভূমিকা পালনের প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠানের শেষপর্বে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয় এবং সংগঠনের উত্তরোত্তর সাফল্য কামনা করে দোয়া ও শুভকামনার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।




















