বিনোদন

টিভিতে ‘সুলতান সালাহউদ্দিন আইয়ুবি’

  প্রতিনিধি ১ জুলাই ২০২৬ , ২:২৯:২৬ প্রিন্ট সংস্করণ

মুসলিম বিশ্বের কিংবদন্তি বীর এবং জেরুজালেম বিজয়ী সুলতান সালাহউদ্দিন আইয়ুবির জীবন, সংগ্রাম ও বীরত্বগাথা নিয়ে নির্মিত তুরস্কের জনপ্রিয় মেগাসিরিজ ‘কুদুস ফাতিহি সেলাহাদিন আইয়ুবি’ এবার বাংলায় দেখতে পারবেন বাংলাদেশের দর্শকরা। নাগরিক টিভি ও বঙ্গ-এর যৌথ উদ্যোগে আগামী ২ আগস্ট থেকে সিরিজটির বাংলা সম্প্রচার শুরু হবে।

এ উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জানানো হয়, প্রতি রবিবার থেকে বৃহস্পতিবার রাত ৮টায় নাগরিক টিভিতে এবং রাত ৯টায় বঙ্গ প্ল্যাটফর্মে প্রচারিত হবে সিরিজটি। একই অনুষ্ঠানে বাংলা সংস্করণের অফিসিয়াল ট্রেলার ও পোস্টার উন্মোচন করা হয়। এতে নাগরিক টিভি ও বঙ্গ-এর ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সিরিজটির কাহিনি আবর্তিত হয়েছে ক্রুসেডারদের দখল থেকে পবিত্র শহর জেরুজালেম পুনরুদ্ধারের ঐতিহাসিক অভিযানের প্রেক্ষাপটে। মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ করার রাজনৈতিক ও সামরিক সংগ্রাম, ন্যায়বিচার প্রতিষ্ঠার প্রচেষ্টা এবং সালাহউদ্দিন আইয়ুবির অসাধারণ নেতৃত্ব ও বীরত্ব এতে তুলে ধরা হয়েছে। বিশাল সেট, চমৎকার সিনেমাটোগ্রাফি, দুর্দান্ত অ্যাকশন দৃশ্য এবং অভিনয়শিল্পীদের সাবলীল অভিনয়ের মাধ্যমে দ্বাদশ শতাব্দীর ঐতিহাসিক পরিবেশকে জীবন্ত করে উপস্থাপন করা হয়েছে।

নাগরিক টিভির চেয়ারম্যান নাভিদুল হক বলেন, ‘দর্শকদের জন্য বিশ্বমানের কনটেন্ট উপস্থাপনের ধারাবাহিকতায় আমরা এই সিরিজটি নিয়ে আসছি। বঙ্গ-এর সঙ্গে আমাদের এই যৌথ উদ্যোগ দর্শকদের জন্য একটি নতুন অভিজ্ঞতা তৈরি করবে।’

বঙ্গ’র হেড অব কনটেন্ট মোহাম্মদ আলী হায়দার বলেন, ‘সুলতান সালাহউদ্দিন আইয়ুবির মতো একজন বিশ্বনন্দিত বীরের জীবনকাহিনী বাংলা ভাষায় দর্শকদের কাছে পৌঁছে দিতে পেরে আমরা আনন্দিত। আন্তর্জাতিক মানের কনটেন্ট দেশীয় দর্শকদের উপযোগী করে উপস্থাপনে বঙ্গ সব সময়ই বদ্ধপরিকর। আমাদের বিশ্বাস, দুর্দান্ত অ্যাকশন, রাজনীতি ও আবেগে ভরপুর এই সিরিজটি বাংলাদেশের দর্শকদের দারুণভাবে বিনোদিত করবে।’

আরও খবর

Sponsered content