সাঈদ ইবনে হানিফ: ১ জুলাই ২০২৬ , ১০:৪৮:২২ প্রিন্ট সংস্করণ
যশোরের বাঘারপাড়ায় বৃষ্টির কারণে পিচ্ছিল হয়ে পড়া সড়কে মাছবোঝাই একটি ট্রাক দুর্ঘটনার কবলে পড়েছে। বুধবার (১ জুলাই) সকালে যশোর-নড়াইল মহাসড়কের উপজেলার করিমপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহত হয়নি।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকাল থেকে টানা বৃষ্টির কারণে মহাসড়কের বিভিন্ন স্থানে কাদা জমে সড়ক পিচ্ছিল হয়ে পড়ে। এ অবস্থায় করিমপুর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে মাছবোঝাই ট্রাকটি সড়কের পাশের খাদে পড়ে যায়।
স্থানীয়দের দাবি, একই দিন করিমপুর গ্রামের ক্লাব মসজিদের সামনে এবং পৌরপাড়ার ঈদগাহসংলগ্ন এলাকায় পৃথক দুটি ট্রাক দুর্ঘটনার শিকার হয়। দুটি ট্রাকই নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে গেলেও সৌভাগ্যক্রমে কোনো প্রাণহানি বা আহতের ঘটনা ঘটেনি।
তারা জানান, করিমপুর এলাকার এই অংশে সামান্য বৃষ্টিতেই সড়ক অত্যন্ত পিচ্ছিল হয়ে পড়ে। ফলে প্রায়ই ছোট-বড় দুর্ঘটনা ঘটছে। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে আনা হলেও এখন পর্যন্ত কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ তাদের।
স্থানীয় বাসিন্দারা সড়কের ঝুঁকিপূর্ণ অংশ দ্রুত সংস্কার এবং দুর্ঘটনা প্রতিরোধে প্রয়োজনীয় নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।





















