প্রতিনিধি ১ জুলাই ২০২৬ , ১২:৫৪:১৩ প্রিন্ট সংস্করণ
বিশ্বকাপে সমান ছয়টি করে গোল করলেও গোল্ডেন বুটের লড়াইয়ে লিওনেল মেসিকে ছাড়িয়ে শীর্ষে উঠে গেছেন ফ্রান্সের তারকা ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পে। গোলসংখ্যা সমান হলেও বেশি গোলে সহায়তা করায় বর্তমানে তিনিই এগিয়ে রয়েছেন।
বিশ্বকাপের নকআউট পর্ব যত এগোচ্ছে, ততই জমে উঠছে সর্বোচ্চ গোলদাতার পুরস্কারের লড়াই। ২০২২ সালের বিশ্বকাপে গোল্ডেন বুট জয়ী এমবাপ্পে এবার ইতিহাস গড়ে দ্বিতীয়বার এই পুরস্কার জয়ের লক্ষ্য নিয়ে খেলছেন। অন্যদিকে, লিওনেল মেসিও নিজের সম্ভাব্য শেষ বিশ্বকাপে এই লড়াইয়ে সমানতালে টিকে আছেন।
এই দৌড়ে নরওয়ের তারকা আরলিং হলান্ডও খুব কাছেই রয়েছেন। এছাড়া ব্রাজিলের ভিনিসিয়ুস জুনিয়র ও ফ্রান্সের উসমান দেম্বেলেও শীর্ষ প্রতিদ্বন্দ্বীদের মধ্যে আছেন।
বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতাকে দেওয়া হয় গোল্ডেন বুট। যদি দুই বা ততোধিক খেলোয়াড় সমানসংখ্যক গোল করেন, তাহলে প্রথমে বিবেচনায় নেওয়া হয় কে কতটি গোলে সহায়তা করেছেন।
এরপরও সমতা থাকলে, যিনি কম সময় মাঠে থেকে ওই গোল ও সহায়তা করেছেন, তিনিই বিজয়ী হন।
বর্তমান সর্বোচ্চ গোলদাতাদের তালিকা
কিলিয়ান এমবাপে (ফ্রান্স): ৬ গোল, ২টি গোলে সহায়তা
লিওনেল মেসি (আর্জেন্টিনা): ৬ গোল, কোনো গোলে সহায়তা নেই
আলিং হালান্ড (নরওয়ে): ৫ গোল
উসমান দেম্বেলে (ফ্রান্স): ৪ গোল, ২টি গোলে সহায়তা
ভিনিসিয়ুস জুনিয়র (ব্রাজিল): ৪ গোল, ১টি গোলে সহায়তা
এমবাপ্পে, ইংল্যান্ডের অধিনায়ক হ্যারি কেইন এবং কলম্বিয়ার হামেস রদ্রিগেস—এই তিনজনই আগে একবার করে বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতার পুরস্কার জিতেছেন। এবারও তাদের সামনে দ্বিতীয়বার এই সম্মান জয়ের সুযোগ রয়েছে।
এখন পর্যন্ত বিশ্বকাপের ইতিহাসে কোনো খেলোয়াড় দুইবার গোল্ডেন বুট জিততে পারেননি।
পর্তুগালের অধিনায়ক ক্রিস্টিয়ানো রোনালদো এখনো গাণিতিকভাবে লড়াইয়ে আছেন। তবে নকআউট পর্বে টিকে থাকতে হলে তাকে দ্রুত গোলসংখ্যা বাড়াতে হবে।
চলতি বিশ্বকাপে তার গোল দুটি এসেছে উজবেকিস্তানের বিপক্ষে গ্রুপ পর্বের ৫–০ ব্যবধানের জয়ে।
একটি বিশ্বকাপে সর্বোচ্চ ১৩ গোলের রেকর্ড এখনো ফ্রান্সের জ্যুস্ত ফঁতেনের দখলে। তিনি ১৯৫৮ সালের বিশ্বকাপে এই কীর্তি গড়েছিলেন।
এরপর রয়েছেন হাঙ্গেরির শানদোর কচিশ (১১ গোল) এবং পশ্চিম জার্মানির গের্ড মুলার (১০ গোল)।
বিশ্বকাপ ইতিহাসে সর্বাধিক ১৯ গোল নিয়ে শীর্ষে রয়েছেন লিওনেল মেসি। তার ঠিক পেছনেই আছেন কিলিয়ান এমবাপে, যার গোলসংখ্যা ১৮।
এরপর রয়েছেন জার্মানির মিরোস্লাভ ক্লোসে (১৬), ব্রাজিলের রোনালদো (১৫) এবং পশ্চিম জার্মানির গের্ড মুলার (১৪)।














