মাহবুবুজ্জামান সেতু, নওগাঁ প্রতিনিধি: ১২ জুলাই ২০২৬ , ৭:১৩:২৯ প্রিন্ট সংস্করণ
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয় মর্যাদা রক্ষায় দেশের মানুষকে ঐক্যবদ্ধ থাকতে হবে। একই সঙ্গে তিনি সীমান্তবর্তী এলাকার সাধারণ মানুষের সাহসিকতা, দায়িত্বশীলতা ও দেশপ্রেমের ভূয়সী প্রশংসা করেন।
রোববার (১২ জুলাই) নওগাঁর পোরশা উপজেলার সরাইগাছি মোড়ে এনসিপির ‘দেশ গড়তে জুলাই জাগরণ’ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, সীমান্তবর্তী এলাকার সাধারণ মানুষ নিজেদের সামর্থ্য অনুযায়ী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশে দাঁড়িয়ে দেশের সীমান্ত সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তাদের দায়িত্বশীলতা ও দেশপ্রেম জাতির জন্য গর্বের বিষয়।
তিনি বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় জনগণের ঐক্যের কোনো বিকল্প নেই। ধর্মীয় সম্প্রীতি, পারস্পরিক সহাবস্থান এবং স্বাধীনতার চেতনাকে ধারণ করে একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
এনসিপির মুখ্য সমন্বয়ক আরও বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিরুদ্ধে যেকোনো ধরনের হুমকির মুখে বাংলাদেশের জনগণ ঐক্যবদ্ধভাবে দেশের স্বার্থ রক্ষায় দৃঢ় অবস্থান নেবে।
এদিকে, নওগাঁয় এনসিপি ঘোষিত ‘জুলাই পদযাত্রা ও পথসভা-২০২৬’ কর্মসূচিতেও নেতাকর্মী ও সাধারণ মানুষের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। সমাবেশে জুলাই আন্দোলনের চেতনা, কর্মসংস্থানসহ বিভিন্ন জাতীয় ইস্যুতে বক্তব্য দেন দলের নেতারা। এ সময় বিভিন্ন স্লোগানে মুখর হয়ে ওঠে সমাবেশস্থল।
পোরশার কর্মসূচি শেষে একই দিন সন্ধ্যায় নিয়ামতপুর উপজেলায় আয়োজিত আরেকটি কর্মসূচিতেও অংশ নেন নাসীরুদ্দীন পাটওয়ারী। সেখানে তিনি তরুণ প্রজন্মসহ সর্বস্তরের মানুষের প্রতি দেশ গঠনের কাজে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।





















