প্রতিনিধি ১ আগস্ট ২০২৬ , ৯:২৮:০৬ প্রিন্ট সংস্করণ
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী ও বগুড়া-২ (শিবগঞ্জ) আসনের সংসদ সদস্য (এমপি) মীর শাহে আলম বলেছেন, ‘জুলাইয়ের শহিদরা কোনো ব্যক্তি বা দলের জন্য জীবন দেননি; তারা আত্মত্যাগ করেছেন একটি বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক ও গণতান্ত্রিক বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নের জন্য। তাদের রক্তের ঋণ কখনো শোধ হওয়ার নয়। আমরা যদি তাদের আদর্শ ধারণ করে মানবিক, সুশাসনভিত্তিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে পারি, তবেই তাদের আত্মত্যাগের প্রকৃত মর্যাদা দেওয়া হবে।’
জুলাই শহিদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বগুড়ার শিবগঞ্জে আজ শনিবার অনুষ্ঠিত ‘জুলাই শহিদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৬’-এ প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক তৌফিকুর রহমান।
স্থানীয় সরকার প্রতিমন্ত্রী বলেন, ‘খেলাধুলা শুধু বিনোদনের মাধ্যম নয়, এটি তরুণদের মধ্যে শৃঙ্খলা, দেশপ্রেম, ভ্রাতৃত্ববোধ ও ঐক্যের চেতনা জাগিয়ে তোলে। জুলাইয়ের বীর শহিদদের স্মরণে আয়োজিত এই টুর্নামেন্ট নতুন প্রজন্মকে তাদের আত্মত্যাগের ইতিহাস জানাবে এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ করবে। শহীদদের স্বপ্নের বাংলাদেশ গড়াই হোক আমাদের অঙ্গীকার।’
টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে মোকামতলা উপজেলা একাদশ ও শিবগঞ্জ উপজেলা একাদশ মুখোমুখি হয়। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ ম্যাচটি ২-২ গোলের সমতায় শেষ হয়। খেলাটি দেখতে কয়েক হাজার ক্রীড়াপ্রেমী দর্শক মাঠে উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, আগামীকাল রবিবার বিকেল ৫টায় মোকামতলা উচ্চ বিদ্যালয় মাঠে এ দুই দলের মধ্যে চূড়ান্ত খেলা অনুষ্ঠিত হবে।















