প্রতিনিধি ৫ নভেম্বর ২০২৬ , ৫:২২:০৬ প্রিন্ট সংস্করণ
আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন পর্তুগিজ ফুটবল তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। চলতি নভেম্বরের আন্তর্জাতিক বিরতি শেষে পর্তুগাল জাতীয় দলের হয়ে আর না খেলার ঘোষণা দিয়েছেন ৪১ বছর বয়সী এই তারকা। আজ বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যমে এক ভিডিওবার্তায় তিনি এ ঘোষণা দেন।
ভিডিওবার্তায় রোনালদো বলেছেন, নভেম্বরের আন্তর্জাতিক বিরতির পর পর্তুগালের সাত নম্বর জার্সি ফিরিয়ে দেবেন তিনি। আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেও ক্লাব ফুটবল থেকে অবসরের ঘোষণা দেননি। বর্তমানে সৌদি আরবের আল নাসর ক্লাবে খেলে চলা রোনালদো তার ক্লাব ক্যারিয়ার চালিয়ে যাবেন।
ভিডিওবার্তায় রোনালদো পর্তুগিজ তারকা বলেছেন, ‘এটা সহজ সিদ্ধান্ত ছিল না। কারণ, কিছু সিদ্ধান্ত শুধু বিবেক দিয়ে নেওয়া যায় না, হৃদয় দিয়ে নিতে হয়।’
পর্তুগালের সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে রোনালদো বলেন, ‘আমি যদি কখনো আপনাদের খুশির কারণ হয়ে থাকি, আমার কোনো গোল উদ্যাপনে যদি কাউকে জড়িয়ে ধরে থাকেন, দুশ্চিন্তা ভুলে নিজের দেশকে নিয়ে গর্ব করে থাকেন, তাহলে এটাই আমার স্বার্থকতা।’
জাতীয় দলের হয়ে দীর্ঘ ২৩ বছরের যাত্রায় পাশে থাকা পরিবার, সমর্থক, সতীর্থ, কোচ ও স্টাফদের ধন্যবাদ জানিয়েছেন তিনি। বিদায়বার্তার সঙ্গে প্রকাশিত ভিডিওর ক্যাপশনে রোনালদো লিখেছেন, ‘পর্তুগাল সব সময় আমার অংশ হয়ে থাকবে।’
পর্তুগালের জাতীয় দলের হয়ে ২৩৪ ম্যাচে ১৪৬ গোল করেছেন পাঁচবারের ব্যালন ডি’অরজয়ী এই ফুটবলার। তিনি আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ ম্যাচ খেলেছেন এবং সর্বোচ্চ গোল করেছেন।
২০০৩ সালে পর্তুগালের হয়ে অভিষেক হয়েছিল রোনালদোর। এরপর দুই দশকের বেশি সময় ধরে জাতীয় দলের হয়ে খেলেছেন তিনি। তার নেতৃত্বে ২০১৬ ইউরো ও ২০১৯ উয়েফা নেশনস লিগ জিতেছে পর্তুগাল। তার আগে বড় ধরনের কোনো ট্রফিই জিততে পারেনি দেশটি।















