বিনোদন

যেভাবে বাবাকে খুঁজে পেলেন অভিনেত্রী মেঘলা মুক্তা

  প্রতিনিধি ১১ নভেম্বর ২০২৬ , ১২:৩৯:৪৬ প্রিন্ট সংস্করণ

অবশেষে নিখোঁজ বাবা মিজানুর রহমান দুলালের সন্ধান পেলেন চিত্রনায়িকা মেঘলা মুক্তা। গতকাল মঙ্গলবার দুপুরে রাজধানীর উত্তরার একটি ক্লিনিক থেকে তাকে উদ্ধার করে পরিবার। বিষয়টি নিশ্চিত করেছেন অভিনেত্রী নিজেই।

বাবাকে খুঁজে পেতে এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি প্রকাশ করে সবার সহযোগিতা চেয়েছিলেন মেঘলা। সেই পোস্ট দেখেই ক্লিনিকের এক ব্যক্তি তাকে ফোন করে বাবার সন্ধান দেন। পরে পরিবারের সদস্যরা সেখানে গিয়ে মিজানুর রহমানকে শনাক্ত করেন।

মেঘলা জানান, তার বাবা বর্তমানে কথা বলতে পারছেন না। উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হচ্ছে।

অভিনেত্রীর ভাষ্য অনুযায়ী, অজ্ঞাত এক ব্যক্তি তার বাবাকে ক্লিনিকে রেখে যান। সেখানে নেওয়ার সময় তার মুখ দিয়ে ফেনার মতো কিছু বের হচ্ছিল বলে ক্লিনিক কর্তৃপক্ষ জানিয়েছে। তবে কীভাবে তিনি সেখানে পৌঁছালেন, তা এখনো স্পষ্ট নয়।

এর আগে, সোমবার রাত ৮টার দিকে উত্তরখান থেকে বসুন্ধরার বাসার উদ্দেশে রওনা হন মিজানুর রহমান। রাত ৮টা ৫০ মিনিটে মেয়ের সঙ্গে শেষ কথা হয় তার। এরপর থেকেই তার মুঠোফোন বন্ধ পাওয়া যায়। রাতে বাসায় না ফেরায় পরিবারের পক্ষ থেকে উত্তরখান থানায় সাধারণ ডায়েরি করা হয়।

উল্লেখ্য, মেঘলা মুক্তা বাংলাদেশের পাশাপাশি ভারতের তেলেগু সিনেমাতেও অভিনয় করেছেন। তার উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে ‘সাকালা কালা ভাল্লাভুডু’, ‘পায়ের ছাপ’ ও ‘কাঠগোলাপ’।

আরও খবর

Sponsered content