বিনোদন

গোপালগঞ্জ থেকে শুরু ‘সোজন বাদিয়ার ঘাট’

  প্রতিনিধি ২৮ ফেব্রুয়ারি ২০২৬ , ১:১৬:২৬ প্রিন্ট সংস্করণ

পল্লিকবি জসীমউদ্‌দীনের ‘সোজন বাদিয়ার ঘাট’ কাব্যগ্রন্থ অবলম্বনে একই নামে সিনেমা নির্মাণ করছেন তানভীর মোকাম্মেল। দীর্ঘদিনের পরিকল্পনার পর গত ২২ ফেব্রুয়ারি গোপালগঞ্জের সাতপার গ্রামে শুরু হয়েছে এর শুটিং। আর আজ শনিবার শেষ হবে সিনেমার প্রথম অংশের কাজ।

সোজন বাদিয়ার ঘাট সিনেমার গল্পে দেখা যাবে, মধুমতী নদীর তীরে শিমুলতলী গ্রামে বাস করে দুই সম্প্রদায়- মুসলিম ও হিন্দু। ধর্মে পৃথক হলেও তাদের মধ্যে ভ্রাতৃত্বের সম্পর্ক। পুরো গ্রাম মিলে যেন একটি পরিবার। এই গ্রামের ভিন্ন ধর্মের দুই কিশোর-কিশোরী সোজন ও দুলী। ছোটবেলা থেকেই তারা একে অপরের খেলার সাথি, আপনজন। তবে তাদের মধুর সম্পর্ক একসময় রূপ নেয় বিরহে। গ্রামে সংঘাত বাধে। তার করুণ পরিণতি আছড়ে পড়ে সোজন-দুলীর ওপর। সোজন বাদিয়ার ঘাট কাব্যগ্রন্থে কবি জসীমউদ্‌দীন তার গল্প বলেছেন কবিতার ছন্দে। সিনেমায় সোজন চরিত্রে অভিনয় করছেন তনয় বিশ্বাস, তার ছোটবেলার চরিত্রে দেখা যাবে দিহানকে।

এছাড়াও আরও অভিনয় করেছেন রাদিফা নারমিন, শ্রেয়া বৈদ্য, চিত্রলেখা গুহ, কাজী রাজু, অমিতাভ রাজীব, জুবায়ের জাহিদ, আহসানুল হক মিনু, স্বপ্না বৈদ্য, শাহ আলম দুলাল, রেজাউল করিম রেজা প্রমুখ।

নির্মাতার প্রযোজনা সংস্থা কিনো আই ফিল্মস থেকে জানানো হয়েছে,পল্লিকবি জসীমউদ্‌দীনের কালজয়ী কাব্যগ্রন্থ সোজন বাদিয়ার ঘাট অবলম্বনে পূর্ণদৈর্ঘ্য সিনেমার শুটিং চলছে পুরোদমে। ক্যামেরার পেছনে তার দক্ষ টিম-ক্যামেরাম্যান, শিল্প নির্দেশক ও সহকারী পরিচালকেরা মিলেই গড়ে তুলছেন গ্রামীণ বাংলার সেই চিরচেনা আবহ, প্রেম, বেদনা আর মানবিকতার গল্প।

 

আরও খবর

Sponsered content