আইন-আদালত

জবিতে ককটেল বিস্ফোরণ, রেজওয়ান তিন দিনের রিমান্ডে

  প্রতিনিধি ১১ নভেম্বর ২০২৬ , ৪:৩৫:৫১ প্রিন্ট সংস্করণ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ককটেল বিস্ফোরণের মামলায় প্রতিষ্ঠানটির ছাত্র মো. রেজওয়ান আহম্মেদের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

রাজধানীর কোতোয়ালি থানার সন্ত্রাসবিরোধী আইনের এই মামলায় আজ বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম এই রিমান্ডের আদেশ দিয়েছেন।

মামলার তদন্ত কর্মকর্তা কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ নাজমুল আলম টুটুল আসমির পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন।

রিমান্ড আবেদনে আসামি রেজওয়ানকে নিষিদ্ধ ছাত্রলীগের জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার অর্থ বিষয়ক সম্পাদক হিসেবে উল্লেখ করা হয়েছে।

রাষ্ট্রপক্ষে প্রসিকিউটর হারুন-অর-রশীদ রিমান্ডের পক্ষে যুক্তি তুলে ধরে বলেন, ‘ছাত্রলীগ ঢাকা শহরের বিভিন্ন জায়গায় ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে। দেশকে অস্থিতিশীল, জনমনে আতঙ্ক, ছাত্রলীগকে উজ্জীবিত করার জন্য কর্মসূচি দিয়ে আসছে। এ আসামিকে একটি অবিস্ফোরিত ককটেলসহ আটক করা হয়। তাই তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।’

আসামিপক্ষের আইনজীবী গোলাম রাব্বানী রিমান্ড বাতিল করে জামিন প্রার্থনায় বলেন, ‘ঘটনার কথা বলা হয়েছে সন্ধ্যা ৭টা আর ককটেল উদ্ধারের কথা বলা হয়েছে ১১টায়। তাহলে এই ৪ ঘণ্টা আসামি কোথায় ছিল। এ আসামি পরীক্ষা দেয় ওইদিন। পরে তাকে মব করে মারধর করা হয় এবং পুলিশে দেওয়া হয়।’

তিনি বলেন, ‘তাহলে কি এই আসামি ৪ ঘণ্টা ককটেল পকেটে নিয়ে ঘুরছিল। মূলত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সুমন সরদারের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ চলছে। তাকে কেন্দ্রীয় ছাত্রদল থেকে শোকজ করা হয়েছে। এই অবস্থায় ওই ঘটনা ভিন্নদিকে প্রবাহিত করতে রেজওয়ানকে মব করে পুলিশে দেয় সুমনসহ ছাত্রদল নেতারা। তাই রিমান্ড বাতিল করে তার জামিন প্রার্থনা করছি।’

শুনানি শেষে আদালত আসামির তিন দিনের রিমান্ডের আদেশ দেয়।

মামলায় বলা হয়, গত ৯ নভেম্বর রাত ৭টা ৪৫ মিনিটের দিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় গেটের পাকা রাস্তার ওপর একটি ককটেল বিস্ফোরিত হয়। বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতাকর্মীরা সেখানে রেজওয়ানকে একটি অবিস্ফোরিত ককটেলসহ আটক করে। পরে অধিকতর জিজ্ঞাসাবাদে আসামি রেজওয়ান স্বীকার করেন, এজাহারনামীয় অন্যান্য আসামিরা এবং ২৫/৩০জন অজ্ঞাত আসামিরা ব্যক্তি, সম্পত্তি, দেশকে অস্থিতিশীল করার জন্য ককটেল বিস্ফোরণ ঘটান। সেখানে উত্তেজিত জনতা তাকে মারধর করায় সলিমুল্লাহ মেডিকেল কলেজে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। পরে রেজওয়ানসহ এজাহারনামীয় এবং ২৫/৩০ জন অজ্ঞাতনামা আসামি করে কোতোয়ালি থানার এসআই মো. ইমরান হোসাইন বাদী হয়ে মামলা করেন।

আরও খবর

Sponsered content