মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি: ১১ নভেম্বর ২০২৬ , ৮:৫০:২৫প্রিন্ট
সংস্করণ
হবিগঞ্জের মাধবপুরে ঢাকা-সিলেট মহাসড়কে যাত্রীবাহী বাস ও মালবাহী পিকআপের মুখোমুখি সংঘর্ষে রিপন মিয়া (২৩) নামে এক চালক নিহত হয়েছেন। মঙ্গলবার (১০ নভেম্বর) রাত ১১টায় উপজেলার আন্দিউড়া ইউনিয়নের মীরনগর এলাকায় আকিজ ফ্যাক্টরির সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রিপন মিয়া মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার সুরাবি গ্রামের সন্তোষ সাব্দাকরের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, ঢাকাগামী একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা পিকআপটির সংঘর্ষ হলে চালক রিপন মিয়া গুরুতর আহত হন। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা তাঁকে উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য হবিগঞ্জ হাসপাতালে পাঠানো হলে সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনায় বাস ও পিকআপের অন্য কোনো যাত্রী হতাহত হননি। যানবাহন দুটি হাইওয়ে পুলিশের হেফাজতে রয়েছে।
এ বিষয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিছুর রহমান জানান, দুর্ঘটনায় আহত পিকআপচালককে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।