সারাদেশ

কালিগঞ্জে ‘নতুন কুড়ি স্পোর্টস সিজন-২ এর প্রতিযোগিতা শুরু

  দ্যুতিদীপন বিশ্বাস সাতক্ষীরা প্রতিনিধি: ১২ নভেম্বর ২০২৬ , ৪:৩৫:৩৪ প্রিন্ট সংস্করণ

 সাতক্ষীরার কালিগঞ্জে উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে শিশু-কিশোরদের ক্রীড়া প্রতিভা অন্বেষণমূলক আয়োজন ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২৭ (সিজন-২)’-এর উপজেলা পর্যায়ের প্রতিযোগিতা। বৃহস্পতিবার (১২ নভেম্বর২০২৬) সকাল সাড়ে ১০টায় কালিগঞ্জ উপজেলা পরিষদ মাঠে এই প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এই প্রতিযোগিতার এবারের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে—‘ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা’। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানিয়া আক্তার। ১০ থেকে ১৪ বছর বয়সী শিশু-কিশোরদের সুপ্ত ক্রীড়া প্রতিভা খুঁজে বের করা, তাদের প্রতিভার যথাযথ বিকাশ ঘটানো এবং খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলাই এই আয়োজনের মূল উদ্দেশ্য।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা তৌকির আহমেদ, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ওয়াসীম উদ্দিন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শংকর কুমার দে এবং কালিগঞ্জ থানার এসআই মনিরুজ্জামান মনির।

এ ছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য শেখ নুরুজ্জামান, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ডা. শফিকুল ইসলাম বাবু, উপজেলা কৃষকদলের আহ্বায়ক রোকনুজ্জামান রোকন, কুশুলিয়া ইউনিয়নের জামায়াত মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী সিরাজুল ইসলাম এবং জামায়াতের সহকারী সেক্রেটারি আনোয়ারুল ইসলাম। এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, স্থানীয় সুধীজনসহ নানা শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

উপজেলা প্রশাসন, ক্রীড়া পরিদপ্তর এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সার্বিক ব্যবস্থাপনায় এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। তৃণমূল পর্যায়ের এই আয়োজনের মধ্য দিয়ে শিশু-কিশোররা ক্রীড়াচর্চায় আরও উৎসাহিত হবে এবং ভবিষ্যতের জন্য দেশসেরা প্রতিভাবান খেলোয়াড় তৈরি হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।

আরও খবর

Sponsered content