প্রতিনিধি ১২ নভেম্বর ২০২৬ , ২:৩৮:৫০ প্রিন্ট সংস্করণ
ইরানের সঙ্গে নতুন করে যুদ্ধ বা আলোচনার পরিবর্তে দেশটির ওপর দীর্ঘমেয়াদি অর্থনৈতিক চাপ বজায় রাখার কৌশল নিয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। নৌ অবরোধ, কঠোর নিষেধাজ্ঞা এবং স্থলসীমান্তে বাণিজ্য বাধাগ্রস্ত করার মাধ্যমে তেহরানের অর্থনীতিকে আরও চাপে ফেলার পরিকল্পনা করছে ওয়াশিংটন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।
মার্কিন সংবাদমাধ্যমের বরাতে জানা গেছে, মঙ্গলবার প্যারিসে জি-৭ পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এ কৌশলের কথা জানান। পরে তিনি বলেন, ইরানের অর্থনীতি ক্রমাগত সংকুচিত হচ্ছে এবং আগামী এক থেকে তিন মাসে পরিস্থিতি আরও খারাপ হতে পারে।
ইরানের অর্থনীতিবিদ ইসাক সাইদিয়ানের মতে, তেল রপ্তানি আয় প্রায় শূন্যে নেমে এলে সরকার বেতন-ভাতা, পেনশন ও নিত্যপ্রয়োজনীয় পণ্য সরবরাহের ব্যয় মেটাতে কঠিন সংকটে পড়বে। এতে মুদ্রার অবমূল্যায়ন, বাজেট ঘাটতি ও মূল্যস্ফীতি আরও বাড়তে পারে।
ইরানের ওপর দ্বিতীয় দফার মার্কিন নৌ অবরোধ গত ১৪ জুলাই থেকে কার্যকর রয়েছে। মার্কিন সামরিক বাহিনীর দাবি, অবরোধ কার্যকরে ১৪৭টি জাহাজের গতিপথ পরিবর্তন করা হয়েছে এবং পাঁচটি জাহাজ অচল করা হয়েছে। যুক্তরাষ্ট্রের দাবি, গত ২৫ আগস্টের পর থেকে ইরান কোনো জাহাজে তেল তুলতে পারেনি।
জ্বালানিবিষয়ক গবেষণা প্রতিষ্ঠান কেপলারের তথ্য অনুযায়ী, ইরানের দৈনিক তেল উৎপাদন সাম্প্রতিক মাসগুলোতে ২০ লাখ ব্যারেলের নিচে নেমে এসেছে। অবরোধের বাইরে ভাসমান ইরানি অপরিশোধিত তেল ও কনডেনসেটের মজুতও জুলাইয়ের ৮ কোটি ৮৮ লাখ ব্যারেল থেকে কমে অক্টোবরের মাঝামাঝি শূণ্যে নেমেছে। প্রতিষ্ঠানটির আশঙ্কা, ডিসেম্বরের মাঝামাঝি নাগাদ তেল রপ্তানি থেকে ইরানের আয় আরও সংকুচিত হতে পারে।
এ পরিস্থিতিতে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সরকার আগামী বছরের বাজেটে তেল আয় শূন্যে নেমে যাওয়ার পরিস্থিতি বিবেচনায় নিয়ে পরিকল্পনা করছে। দেশটির মূল্যস্ফীতি ইতিমধ্যে প্রায় ৮৯ শতাংশে পৌঁছেছে।
অর্থনীতিবিদদের মতে, সরকারি ব্যয় কমানো, কর ফাঁকি বন্ধ, অপ্রয়োজনীয় প্রকল্প স্থগিত এবং তেলবহির্ভূত রপ্তানি বাড়ানোর মাধ্যমে কিছুটা চাপ সামাল দেওয়া সম্ভব। তবে দীর্ঘমেয়াদে অর্থনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনতে আন্তর্জাতিক বাণিজ্য, বিনিয়োগ ও বৈদেশিক মুদ্রা আয়ের সুযোগ পুনরুদ্ধার জরুরি।
বিশ্লেষকদের আশঙ্কা, অবরোধ দীর্ঘস্থায়ী হলে শুধু ইরানের সরকারি অর্থনীতিই নয়, দেশটির মধ্যবিত্ত শ্রেণি ও সাধারণ মানুষের জীবনযাত্রাও আরও কঠিন হয়ে উঠবে।





















