প্রতিনিধি ১২ নভেম্বর ২০২৬ , ৬:৩৩:৪৮ প্রিন্ট সংস্করণ
লালমনিরহাটে প্রায় ১৫ কিলোমিটার দীর্ঘ মহেন্দ্রনগর মডেল খাল উদ্বোধন করতে আগামী ১৯ নভেম্বর আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে আজ বৃহস্পতিবার দুপুরে লালমনিরহাট সদর উপজেলার গোকুন্ডা ইউনিয়নের মণ্ডলেরহাট এলাকায় খালটি পরিদর্শন করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু।
পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী জানান, নির্বাচনী ইশতেহার অনুযায়ী দেশের পরিত্যক্ত খালগুলো পুনঃখননের উদ্যোগ নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে চলতি বছর দেশের আটটি জেলার ৩০টি খালকে মডেল খাল হিসেবে চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে লালমনিরহাটের মহেন্দ্রনগর খাল অন্যতম। আগামী ১৯ নভেম্বর প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে এই খনন কর্মসূচির উদ্বোধন করবেন।
মডেল খালের বহুমুখী পরিকল্পনা তুলে ধরে আসাদুল হাবিব দুলু বলেন, সাধারণত খাল খনন করা হয় পানি নিষ্কাশন ও পানি সংরক্ষণের জন্য। তবে এই মডেল খালটি হবে বহুমাত্রিক ব্যবহারের উপযোগী। খালের দুই পাড়ে গাছ লাগানো, খালে মাছ ও হাঁস চাষ এবং কুটিরশিল্প গড়ে তোলার পরিকল্পনা রয়েছে।
তিনি আরও বলেন, এলাকার হতদরিদ্র মানুষকে সমবায়ের ভিত্তিতে বিভিন্ন দলে ভাগ করে উপকারভোগী হিসেবে চিহ্নিত করা হচ্ছে। তাদের প্রশিক্ষণ দেওয়া হবে, যাতে তারা মাছ ও হাঁস চাষে উদ্বুদ্ধ হন এবং অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে পারেন। মন্ত্রী বলেন, ‘মাছে-ভাতে বাঙালি’—এই ঐতিহ্যের পূর্ণাঙ্গ রূপ দিতে মডেল খাল প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। আগামী ১৯ নভেম্বরের আগেই এর সব প্রস্তুতি সম্পন্ন করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
মহেন্দ্রনগর থেকে শুরু হওয়া প্রায় ১৫ কিলোমিটার দীর্ঘ খালটি শেষ পর্যন্ত তিস্তা নদীতে গিয়ে মিলিত হবে।
প্রধানমন্ত্রীর লালমনিরহাট সফরে খাল উদ্বোধনের পাশাপাশি জেলার এভিয়েশন বিশ্ববিদ্যালয় পরিদর্শন, ‘আলোকিত লালমনিরহাট’ সামাজিক আন্দোলনের কার্যক্রম পরিদর্শন এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উদ্যোগে নির্মিত একটি দুর্যোগসহনশীল বাড়ি উদ্বোধনের কর্মসূচিও রয়েছে।
খাল পরিদর্শনকালে জেলা প্রশাসক মুহ. রাশেদুল হক প্রধান, পুলিশ সুপার আসাদুজ্জামান, জেলা পরিষদের প্রশাসক এ কে এম মমিনুল হক, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মনোনীতা দাস, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আব্দুল মতিনসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।















