জাতীয়

খাবার পরিবেশনে দেরি, ‘দূরবীন বাংলা’য় হামলা-ভাঙচুর

  প্রতিনিধি ১৩ নভেম্বর ২০২৬ , ৩:১১:৫৯ প্রিন্ট সংস্করণ

খাবার পরিবেশনে বিলম্বকে কেন্দ্র করে রাজধানীর মহাখালীতে ‘দূরবীন বাংলা’ নামের একটি রেস্তোরাঁয় হামলা ও ভাঙচুর চালিয়েছেন সরকারি তিতুমীর কলেজের একদল শিক্ষার্থী। বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাতে বাগবিতণ্ডা ও হাতাহাতির জেরে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে তিতুমীর কলেজের কয়েকজন শিক্ষার্থী ওই রেস্তোরাঁয় খাবারের অর্ডার দেন। খাবার পরিবেশনে দেরি হওয়ায় রেস্তোরাঁ কর্তৃপক্ষের সঙ্গে তাদের কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে রেস্তোরাঁর ম্যানেজারকে লাঞ্ছিত করা হয় এবং উভয় পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে।

এর কিছুক্ষণ পর ওই কলেজের আরও কয়েকজন শিক্ষার্থী সেখানে জড়ো হন এবং রেস্তোরাঁর ভেতরে ঢুকে হামলা ও ভাঙচুর চালান। এ সময় আসবাবপত্রসহ বিভিন্ন সরঞ্জাম ভাঙচুর করা হলে সাধারণ ক্রেতাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে ভাঙচুরের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

শুক্রবার (১৩ নভেম্বর) বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সালাউদ্দিন বলেন, খাবার অর্ডার নিয়ে শিক্ষার্থীদের সঙ্গে রেস্তোরাঁ কর্তৃপক্ষের ঝগড়া ও হাতাহাতি হয়। পরে শিক্ষার্থীরা আরও সহপাঠীদের ডেকে এনে রেস্তোরাঁর ভেতরে ভাঙচুর চালান।

ওসি আরও জানান, এ ঘটনায় এখন পর্যন্ত রেস্তোরাঁ কর্তৃপক্ষের পক্ষ থেকে থানায় কোনো লিখিত অভিযোগ বা মামলা দায়ের করা হয়নি। তবে পুলিশ বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখছে।

আরও খবর

Sponsered content