প্রচ্ছদ » সারাদেশ » খোলপেটুয়া নদীতে অভিযান, বিপুল পরিমাণে অবৈধ বালু জব্দ ও কারাদণ্ড
খোলপেটুয়া নদীতে অভিযান, বিপুল পরিমাণে অবৈধ বালু জব্দ ও কারাদণ্ড
সাতক্ষীরা প্রতিনিধি: ১৩ নভেম্বর ২০২৬ , ৮:২২:৫২প্রিন্ট
সংস্করণ
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার খোলপেটুয়া নদীতে অবৈধভাবে বালু উত্তোলন ও মজুদের বিরুদ্ধে দিনব্যাপী ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেছে প্রশাসন। বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পরিচালিত এ অভিযানে ড্রেজারযুক্ত চারটি ইঞ্জিনচালিত নৌকা এবং সাতটি অবৈধ বালুর স্তূপ জব্দ করা হয়, যেখানে আনুমানিক ২ লাখ ১০ হাজার ঘনফুট বালু মজুদ ছিল।
অবৈধ বালু কেনাবেচার সঙ্গে জড়িত থাকার দায়ে আবু মুছা কোম্পানির ম্যানেজার আনিছুর রহমানকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত তাঁকে দুই মাসের কারাদণ্ড এবং অনাদায়ে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন।
সাতক্ষীরার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রিপন বিশ্বাসের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামছুজ্জাহান কনক এবং সহকারী কমিশনার (ভূমি) মো. মনিরুজ্জামান উপস্থিত ছিলেন। অভিযানে উপজেলা প্রশাসনের পাশাপাশি শ্যামনগর থানা পুলিশ ও নৌ পুলিশের সদস্যরা সার্বিক সহযোগিতা করেন।
প্রশাসন সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকাল থেকেই খোলপেটুয়া নদীর বিভিন্ন পয়েন্টে একযোগে অভিযান শুরু হয়। এ সময় নদীর বুক থেকে ড্রেজার বসানো চারটি ইঞ্জিনচালিত বালুবাহী বোট জব্দ করা হয়। পরবর্তীতে নওয়াবেঁকী ও আটুলিয়া এলাকার নদীর চরে গড়ে তোলা বিভিন্ন প্রতিষ্ঠানের সাতটি বালুর গাদা জব্দ করে প্রশাসন।
জব্দকৃত বিপুল পরিমাণ এই বালু ও নৌযানগুলো যথাযথ হেফাজতের জন্য স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং সহকারী ইউনিয়ন ভূমি কর্মকর্তার জিম্মায় রাখা হয়েছে।
অভিযান চলাকালে পেশাগত দায়িত্ব পালনের জন্য শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. আছাদুজ্জামান লিটন এবং শিক্ষা ও সাহিত্য সম্পাদক আরিফুজ্জামান আরিফ সেখানে উপস্থিত ছিলেন। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, নদীর পরিবেশ ও তীরবর্তী জনপদ রক্ষায় অবৈধ বালু উত্তোলন ও মজুদের বিরুদ্ধে এ ধরনের কঠোর অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।