বৈরী আবহাওয়া, ঘন ঘন বৃষ্টিপাত ও জলাবদ্ধতার আশঙ্কা উপেক্ষা করে আগাম আলু তুলে চমক সৃষ্টি করেছেন নীলফামারীর এক কৃষক। জেলার মধ্যে চলতি মৌসুমে সবার আগে আলু তুলে আলোচনায় এসেছেন কিশোরগঞ্জ উপজেলার কেশবা গ্রামের ৪২ বছর বয়সী কৃষক মাহবুবুর রহমান তুহিন। কলা ও মিষ্টিকুমড়ার ক্ষেতের ফাঁকা জায়গায় সাথি ফসল হিসেবে আগাম আলু চাষ করে ইতিমধ্যে ভালো দামে বিক্রি করেছেন তিনি।
চলতি মৌসুমে আবহাওয়া কৃষকদের অনুকূলে ছিল না। ঘন ঘন বৃষ্টিপাত ও জলাবদ্ধতার আশঙ্কা থাকলেও দমে যাননি তুহিন। প্রায় পাঁচ বছরের আলু চাষের অভিজ্ঞতা কাজে লাগিয়ে কলা ও মিষ্টিকুমড়ার ক্ষেতের ফাঁকা জায়গায় আগাম জাতের আলু চাষের পরিকল্পনা করেন তিনি। প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করে যথাযথ পরিচর্যায় মাত্র ৬২ দিনে আলু তোলার উপযোগী করে তোলেন।
সোমবার (১৬ নভেম্বর) কেশবা গ্রামের চার বিঘা জমি থেকে ‘উপশি কারেজ’ জাতের প্রায় এক হাজার কেজি বা এক টন আলু তুলেছেন বলে জানান কৃষক তুহিন। মৌসুমের শুরুতে বাজারে আগাম আলুর সরবরাহ কম থাকায় এর চাহিদাও বেশি। সোমবার স্থানীয় বাজারে প্রতি কেজি আলু ৬৮ টাকা দরে বিক্রি হয়েছে।
তুহিন জানান, জমির পরিমাণ বিবেচনায় আপাতত আলু থেকে খুব বেশি লাভ না হলেও সাথি ফসল হিসেবে চাষ করা কলা ও মিষ্টিকুমড়া থেকে বাড়তি আয়ের আশা করছেন তিনি। এ ছাড়া অন্য জমিতে রোপণ করা আগাম আলু ভালো দামে বিক্রি করতে পারলে উল্লেখযোগ্য আর্থিক লাভের প্রত্যাশা করছেন।
তাঁর উৎপাদিত আগাম আলুর খবর ছড়িয়ে পড়ায় স্থানীয় পাইকারদের মধ্যেও আগ্রহ তৈরি হয়েছে। টুটুয়ার ডাঙ্গার পাইকাররা সরাসরি তাঁর ক্ষেত থেকে আলু সংগ্রহ করছেন। পরে এসব আলু রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন বড় পাইকারি বাজারে সরবরাহ করা হবে বলে জানা গেছে।
আলু চাষ প্রসঙ্গে মাহবুবুর রহমান তুহিন বলেন, “গত পাঁচ বছর ধরে আমি নিয়মিত আলু চাষ করে আসছি। এ বছর আবহাওয়া অনুকূলে না থাকলেও সঠিক সময়ে সুনির্দিষ্ট পরিচর্যা ও পরিকল্পনার কারণে জেলার মধ্যে সবার আগে আলু তুলতে পেরেছি। আজকের বাজারে ৬৮ টাকা কেজি দরে আলু বিক্রি করতে পেরে বেশ ভালো লাগছে।”
কিশোরগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা লোকমান আলম তুহিনের সাফল্যের প্রশংসা করে বলেন, “তুহিন একজন অত্যন্ত অভিজ্ঞ চাষি। তিনি প্রতি বছরই আগাম আলু চাষ করে লাভের মুখ দেখেন এবং নতুন নতুন পদ্ধতি প্রয়োগ করেন।”
কৃষি বৈচিত্র্যে তুহিনের এই উদ্যোগ স্থানীয় অন্য কৃষকদের মধ্যেও আশার সঞ্চার করেছে। প্রতিকূল আবহাওয়ার মধ্যেও পরিকল্পিত চাষাবাদ ও ফসলের বৈচিত্র্য কীভাবে কৃষকের আয়ের নতুন সুযোগ তৈরি করতে পারে, তাঁর উদ্যোগে তার একটি দৃষ্টান্ত দেখা যাচ্ছে।