প্রতিনিধি ১৬ নভেম্বর ২০২৬ , ১:১০:৪৮ প্রিন্ট সংস্করণ
গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহিংস কর্মকাণ্ড দলটির দেউলিয়াত্বের প্রমাণ বলে মনে করেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। তিনি বলেছেন, ‘গোপালগঞ্জ ছাড়া কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কোনো অস্তিত্ব নেই। গোপালগঞ্জে সহিংস কর্মকাণ্ড দলটির দেউলিয়াত্ব ছাড়া আর কিছু না।’
আজ সোমবার অনলাইন এডিটরস ফোরামের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, গোপালগঞ্জ ইস্যুতে সরকার ধৈর্য ধারণ করেছে। তবে প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।
এ সময় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কোনো ধরনের সংবাদ বা প্রচার-প্রচারণা থেকে বিরত থাকতে গণমাধ্যমের প্রতি আহ্বান জানান ইয়াসের খান চৌধুরী। তিনি বলেন, নিষিদ্ধ আওয়ামী লীগের কোনো সংবাদ প্রচার করলে জনগণ তা ভালোভাবে নেবে না। ইনিয়ে-বিনিয়ে ফ্যাসিবাদকে প্রশ্রয় দিয়ে কোনো সংবাদ করবেন না।
সহিংস আন্দোলন দিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগ ফেরার চেষ্টা করছে জানিয়ে তথ্য প্রতিমন্ত্রী বলেন, ‘জুলাইকে অস্বীকার করে তারা রাজনীতি করতে পারবে না। আওয়ামী লীগ দেশের যে কত বড় ক্ষতি করে গেছে, তা জাতিকে এখনো আমরা বুঝাতে পারিনি। দেশ থেকে টাকা পাচার করে বিদেশে বসে টাকা খরচ করছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা। গত ১৭ বছরে আওয়ামী লীগ যতটা দেশের ক্ষতি করেছে, পাকিস্তানও এত ক্ষতি করেনি।’
আওয়ামী লীগের রাজনীতি প্রতিহিংসার রাজনীতি উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, ‘ফ্যাসিস্টরা ফিরে এলে জুলাইয়ের পক্ষের লোকদের বিরুদ্ধে প্রতিশোধ নেবে।’
সরকারের ভালো কাজগুলো গণমাধ্যমকে তুলে ধরার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘ইতিহাসের সবচেয়ে খারাপ সময়ে প্রধানমন্ত্রী হিসেবে দেশের দায়িত্ব নিয়েছেন তারেক রহমান। বর্তমান সরকারের আমলে গুম, বিচারবহিভূত হত্যাকাণ্ড হয়নি। গণমাধ্যম যেন সত্যটাই তুলে ধরে সেই প্রত্যাশাই করি।’
সরকার বাক স্বাধীনতা ও গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাস করে উল্লেখ করে তথ্য প্রতিমন্ত্রী বলেন, ‘আমরা কখনও কোনো নিউজ প্রচারের জন্য চাপ দেইনি বা কোনো এজেন্সি কোনো নিউজ প্রত্যাহারের জন্য চাপ দেয়নি।’















