নারায়ণগঞ্জ প্রতিনিধি ২৬ নভেম্বর ২০২৬ , ১:০৫:৩৬ প্রিন্ট সংস্করণ
নারায়ণগঞ্জে পুলিশ সদস্য আনোয়ার মোল্লা হত্যা মামলায় নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জের বিভিন্ন স্থানে রাতভর অভিযান চালিয়ে ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় মামলার প্রধান অভিযুক্ত রিয়াজ ওরফে ডেভিড দৌড়ে পালাতে গেলে পুলিশের গুলিতে পায়ে আহত হন। অভিযানে পুলিশের দুই উপপরিদর্শক (এসআই) নন্দন ও রফিক আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
বুধবার (২৫ নভেম্বর) সকালে এ তথ্য নিশ্চিত করেন অভিযানে থাকা নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) মো. হাসিনুজ্জামান।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন হাশেমবাগ এলাকার রিয়াজ ওরফে ডেভিড, তাঁর ভাই আব্দুল্লাহ, সহযোগী সামাদ, আদর, আজাদসহ ছয়জন। পুলিশ জানায়, তাঁদের মধ্যে আব্দুল্লাহকে মুন্সিগঞ্জ থেকে এবং বাকিদের ফতুল্লা থানার দেওভোগ, নাগবাড়িসহ আশপাশের এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। রিয়াজ ওরফে ডেভিড, তাঁর ভাই আব্দুল্লাহ ও সামাদসহ চারজনকে গ্রেপ্তার করে জেলা পুলিশের একটি দল এবং পৃথক অভিযানে আদর ও আজাদকে গ্রেপ্তার করে অপর একটি দল।
অভিযানে তিনটি ধারালো চাকু, ককটেল তৈরির সরঞ্জাম, একটি মোটরসাইকেল ও মুঠোফোন উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে পাঁচজনকে আদালতে হাজির করা হলে বিচারক তাঁদের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
প্রসঙ্গত, গত ২২ নভেম্বর রাতে ফতুল্লার কাশীপুর ইউনিয়নের হাশেমবাগ এলাকায় সাদা পোশাকে পরোয়ানাভুক্ত আসামির তথ্য সংগ্রহ করতে গিয়ে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নিহত হন শীতলক্ষ্যা পুলিশ ফাঁড়ির কনস্টেবল আনোয়ার মোল্লা। এ ঘটনায় পরদিন ফতুল্লা মডেল থানায় অজ্ঞাতনামা ৮ থেকে ১০ জনকে আসামি করে হত্যা মামলা করা হয়।





















