সারাদেশ

আত্রাইয়ে প্রশাসনিক গতি ফিরেছে: নতুন ইউএনওর দায়িত্বে পরিবর্তনের ছোঁয়া

  মাহবুবুজ্জামান সেতু, নওগাঁ প্রতিনিধি : ৩ মার্চ ২০২৬ , ১০:৪০:১২ প্রিন্ট সংস্করণ


নওগাঁর আত্রাই উপজেলা-এ দীর্ঘদিন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শূন্য থাকায় প্রশাসনিক কার্যক্রমে স্থবিরতা দেখা দিয়েছিল। তবে ২০২৫ সালের ৮ ডিসেম্বর শেখ মো. আলাউল ইসলাম ইউএনও হিসেবে যোগদানের পর পরিস্থিতির ইতিবাচক পরিবর্তন শুরু হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

আত্রাই উপজেলা ৮টি ইউনিয়ন নিয়ে গঠিত। নতুন ইউএনও দায়িত্ব নেওয়ার পর বিভিন্ন দফতরের কার্যক্রমে গতি ফিরে এসেছে। অবকাঠামো উন্নয়ন, প্রশাসনিক সমন্বয় ও জনসেবায় স্বচ্ছতা বাড়াতে নেওয়া হয়েছে একাধিক উদ্যোগ। উপজেলা পরিষদ চত্বরের পরিবেশ উন্নয়ন, মাঠ সংস্কার এবং লাইটিং ব্যবস্থার উন্নয়নসহ বেশ কয়েকটি কাজ বর্তমানে বাস্তবায়নাধীন।

৩৬তম বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তা শেখ মো. আলাউল ইসলাম দায়িত্ব নেওয়ার পর নিয়মিতভাবে বিভিন্ন দফতরের কার্যক্রম তদারকি করছেন বলে উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে। সেবা প্রাপ্তি সহজ করতে দফতরগুলোর মধ্যে সমন্বয় জোরদার করা হয়েছে। পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানে মানোন্নয়ন ও পরিচ্ছন্নতার ওপর বিশেষ গুরুত্ব দেওয়ায় শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে ইতিবাচক সাড়া মিলছে।

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে। অবৈধভাবে মাটি পরিবহনের দায়ে মামলা ও জরিমানা করা হয়েছে, জব্দ করা হয়েছে ভেকু। সংশ্লিষ্টদের মতে, এসব পদক্ষেপে অনিয়ম উল্লেখযোগ্যভাবে কমেছে।

মানবিক উদ্যোগও আলোচনায় এসেছে। ৩০ বছর সাজাপ্রাপ্ত রাহেলা বেগম এবং ফুটবলার তানভিরকে আর্থিক সহায়তা প্রদান স্থানীয়দের প্রশংসা কুড়িয়েছে।

উপজেলার বাসিন্দা মো. খয়বর আলী মণ্ডল, রেজুয়ান আব্দুল মালেক, মিজানুর রহমান ও মনোয়ার হোসেন বলেন, ইউএনও দায়িত্ব নেওয়ার পর সেবার মান বেড়েছে এবং বিভিন্ন সমস্যা দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়া হচ্ছে। এমনকি ছুটির দিনেও তাকে অফিসে পাওয়া যায়।

এ বিষয়ে ইউএনও শেখ মো. আলাউল ইসলাম বলেন, “দায়িত্ব পাওয়ার পর থেকে আন্তরিকতার সঙ্গে কাজ করার চেষ্টা করছি। স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতাকর্মী ও সরকারি কর্মকর্তাদের সহযোগিতায় কাজ এগিয়ে নেওয়া সম্ভব হচ্ছে। দীর্ঘদিনের অনিয়ম দূর করে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং সাধারণ মানুষের চাহিদাকে অগ্রাধিকার দেওয়াই আমার লক্ষ্য।”

আরও খবর

Sponsered content