প্রতিনিধি ১৬ ফেব্রুয়ারি ২০২৬ , ১২:২৪:১০ প্রিন্ট সংস্করণ
ভালোবাসা দিবসের আবেশ তখনও কাটেনি। ঠিক সেই সময়েই ব্যস্ততম অভিনেত্রী তানিয়া বৃষ্টিকে ঘিরে এলো দুঃসংবাদ। ভ্যালেন্টাইন ডে’র দিনটি তিনি কাটিয়েছেন হাসপাতালের শয্যায়- এ তথ্য নিজেই জানিয়েছেন সামাজিক মাধ্যমে।
গেল শনিবার (১৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ফেসবুকে দেওয়া এক পোস্টে অসুস্থতার কথা জানান তিনি। যদিও রোগ সম্পর্কে বিস্তারিত বলেননি। তবে ছবিতে দেখা যায়, হাসপাতালের বিছানায় বসে আছেন, মুখ ও মাথা ফুলের তোড়া দিয়ে আচ্ছাদিত। ক্যাপশনে লিখেছেন, ‘পরিবারের কাছ থেকে পাওয়া ভালোবাসা দিবসের ফুল তাকে ছুঁয়ে গেছে। সবার কাছে দোয়া চেয়েছেন তিনি।’
একই সঙ্গে জানান, পরদিন তার মাথায় অস্ত্রোপচার নির্ধারিত রয়েছে। পরে বিষয়টি নিশ্চিত করেন অভিনয় শিল্পী সংঘের সাধারণ সম্পাদক রাশেদ মামুন অপু। তিনি জানান, অভিনেত্রীর মাথায় টিউমার ধরা পড়েছে এবং সে কারণে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল রোববার (১৫ ফেব্রুয়ারি) তার অস্ত্রোপচার হয়েছে।
নির্মাতা সকাল আহমেদ বলেন, ‘আল্লাহর রহমতে তানিয়া বৃষ্টির সার্জারি সফলতার সাথে সম্পন্ন হয়েছে। প্রায় ৪ ঘণ্টার অপারেশন শেষে টিউমার অপসারণ হয়েছে। আগামী ২৪ ঘণ্টা অবজারভেশনে থাকবে সে। পোস্ট অপারেটিভ অনেক জটিলতা থাকতে পারে। এজন্য এখনই শংকামুক্ত বলা যাচ্ছে না। সবাই তার জন্য দোয়া করবেন।’
হাসপাতালে অযথা ভিড় এবং অতিরিক্ত ফোনকল দিয়ে তার পরিবারকে প্যানিক না করারও অনুরোধ জানিয়েছেন এই নির্মাতা।











