প্রতিনিধি ১২ ফেব্রুয়ারি ২০২৬ , ২:২০:৩৮ প্রিন্ট সংস্করণ
ছোটপর্দার পরিচিত মুখ তিনু করিম আর নেই। আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুর ১২টা বরিশালে হৃদ্রোগে আক্রান্ত হয়ে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন স্ত্রী হুমায়রা নওশিন।
তিনি জানান, কয়েক দিন আগে তারা গ্রামের বাড়ি বরিশালে গিয়েছিলেন। সেদিন সকালেও স্বাভাবিক ছিলেন তিনু করিম, এমনকি ভোটও দেন। কিন্তু দুপুরের দিকে হঠাৎ অসুস্থতা অনুভব করলে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। চিকিৎসকদের প্রাথমিক ধারণা, হার্ট অ্যাটাকেই তার মৃত্যু হয়েছে।
এর আগে গুরুতর অসুস্থ হয়ে দীর্ঘ ৪০ দিন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন এই অভিনেতা। আইসিইউতে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় চিকিৎসকেরা আশাও ছেড়ে দিয়েছিলেন। তবে সেখান থেকে আশ্চর্যজনকভাবে ফিরে এসে জানুয়ারির প্রথম সপ্তাহে বাসায় ফেরেন তিনি।
দুই দশকের বেশি সময় ধরে অভিনয়ের সঙ্গে যুক্ত ছিলেন তিনু করিম। ২০০১ সালে ‘সাক্ষর’ নাটকের মাধ্যমে টেলিভিশন নাটকে যাত্রা শুরু। পরে ২০১০ সালে ‘অপেক্ষা’ সিনেমা দিয়ে বড়পর্দায় অভিষেক হয়। ‘রাত জাগা ফুল’, ‘আলতা বানু’সহ অসংখ্য জনপ্রিয় নাটক ও বিজ্ঞাপনে অভিনয় করে দর্শকপ্রিয়তা পান তিনি। বিশেষ করে একটি মুঠোফোন অপারেটরের বিজ্ঞাপন তাকে ব্যাপক পরিচিতি এনে দেয়।
ব্যক্তিজীবনে তিনি স্ত্রী ও ১১ বছর বয়সী এক কন্যাসন্তান রেখে গেছেন। তার মৃত্যুতে নাট্যাঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া।











