সারাদেশ

অস্ত্র ছাড়াই দায়িত্ব পালন করছেন মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্সের ১০ আনসার সদস্য

  মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি: ২৭ জুলাই ২০২৬ , ১০:২৫:২৮ প্রিন্ট সংস্করণ

হবিগঞ্জের মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ১০ জন আনসার সদস্য এক মাসের কাছাকাছি সময় ধরে অস্ত্র ছাড়াই দায়িত্ব পালন করছেন। গত ১ জুলাই থেকে দায়িত্ব শুরু করলেও প্রয়োজনীয় অস্ত্র না পাওয়ায় হাসপাতালের নিরাপত্তা নিশ্চিত করতে নানা সীমাবদ্ধতার মুখে পড়ছেন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

নাম প্রকাশে অনিচ্ছুক এক আনসার সদস্য জানান, অস্ত্রের অভাবে নিরাপত্তা ব্যবস্থা দুর্বল হয়ে পড়ছে। এরই মধ্যে ছোটখাটো অনাকাঙ্ক্ষিত ঘটনাও ঘটছে। তিনি বলেন, রোববার (২৬ জুলাই) এক প্রতারক টাকা বাড়িয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে চিকিৎসা নিতে আসা এক নারীর ব্যাগ হাতিয়ে নেয়। পরে আনসার সদস্যদের তাৎক্ষণিক তৎপরতায় ব্যাগটি উদ্ধার করা সম্ভব হয়। তার ভাষ্য, অস্ত্র থাকলে নিরাপত্তা কার্যক্রম আরও কার্যকরভাবে পরিচালনা করা যেত।

এ বিষয়ে হবিগঞ্জ জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কমান্ড্যান্ট মজিবুল হক বলেন, আনসার সদস্যদের কাছে অস্ত্র হস্তান্তরের আগে প্রয়োজনীয় পরীক্ষানিরীক্ষা সম্পন্ন করতে হয়। এ প্রক্রিয়া শেষ হলে আগামী এক সপ্তাহের মধ্যে অস্ত্র সরবরাহ করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।

তিনি আরও জানান, শুধু মাধবপুর নয়, হবিগঞ্জ জেলার ৯টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেই দায়িত্বপ্রাপ্ত আনসার সদস্যরা এখনও অস্ত্র পাননি।

১০ জন আনসার সদস্যের জন্য কতটি অস্ত্র বরাদ্দ দেওয়া হবে, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, বিষয়টি স্পর্শকাতর হওয়ায় এ বিষয়ে বিস্তারিত জানানো সম্ভব নয়।

উল্লেখ্য, সম্প্রতি সরকারি সিদ্ধান্ত অনুযায়ী দেশের ৪৯৫টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিরাপত্তা জোরদারের লক্ষ্যে প্রতিটিতে ১০ জন করে আনসার সদস্য নিয়োগ দেওয়া হয়েছে। সেই সিদ্ধান্তের আওতায় মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেও ১০ জন আনসার সদস্য দায়িত্ব পালন করছেন।

আরও খবর

Sponsered content