আগৈলঝাড়ায় ভেকু নিয়ে বিরোধ, দুই পক্ষের সংঘর্ষে আহত কয়েকজন
আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি: ১৬ মে ২০২৬ , ৫:৪৪:৫০প্রিন্ট
সংস্করণ
বরিশালের আগৈলঝাড়া উপজেলার উত্তর শেয়াল গ্রামে ভেকু (খননযন্ত্র) পরিচালনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় কয়েকজন আহত হয়েছেন। ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
আহতদের মধ্যে আজাদ মীর এলাহি (৩৮), পিতা আদশাবালী মীর, উত্তর শেয়াল গ্রামের বাসিন্দা রয়েছেন। এছাড়া জয়, রাজু ও মিলন নামে আরও কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। স্থানীয়ভাবে তাদের চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, এলাকায় ভেকু পরিচালনাকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে দুই পক্ষের মধ্যে বিরোধ চলছিল। এরই জেরে একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়, যা পরে সংঘর্ষে রূপ নেয়।
অভিযোগ রয়েছে, সংঘর্ষের সময় দেশীয় অস্ত্র ব্যবহার করা হয় এবং কয়েকজন আহত হন।
ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে আরিফ হাসান মৃধা ও হাসান রাজীবের নাম উল্লেখ করা হয়েছে। তারা উভয়েই মৃত সেলিম মৃধার ছেলে।
ঘটনার পর থেকে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। স্থানীয়দের মধ্যে নতুন করে অপ্রীতিকর ঘটনার আশঙ্কাও দেখা দিয়েছে।
এ বিষয়ে আগৈলঝাড়া থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা গেছে। পুলিশ জানিয়েছে, ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।