প্রতিনিধি ২৬ জুলাই ২০২৬ , ১২:২৫:৩৭ প্রিন্ট সংস্করণ
বাংলা সিনেমার জনপ্রিয় অভিনেতা আহমেদ শরীফকে আজীবন সম্মাননা দিতে যাচ্ছে নিউইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল। সিনেমায় তার অবদান, অসংখ্য চরিত্রে অনবদ্য অভিনয় এবং দর্শকের ভালোবাসার স্বীকৃতি স্বরূপ সম্মাননা পাচ্ছেন বরেণ্য এই অভিনেতা।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ২ আগস্ট নিউইয়র্কের জ্যামাইকা পারফর্মিং আর্টস সেন্টারে অনুষ্ঠিত হবে উৎসবের সমাপনী অনুষ্ঠান। সেখানেই আহমেদ শরীফের হাতে তুলে দেওয়া হবে আজীবন সম্মাননা।
প্রিয়জন ফিল্মস ও লেমন স্টুডিওর যৌথ আয়োজনে আগামী ৩০ জুলাই শুরু হচ্ছে তিন দিনব্যাপী এই চলচ্চিত্র উৎসব। উৎসবের প্রথম দিনে প্রদর্শিত হবে স্বল্পদৈর্ঘ্য সিনেমা ‘বিলাই’, তথ্যচিত্র ‘কনসার্ট ফর বাংলাদেশ’ এবং পূর্ণদৈর্ঘ্য সিনেমা ‘নয়া মানুষ’।
দ্বিতীয় দিনে থাকছে ‘ইশপাইট’, ‘দ্য ইন্টারন্যাল জার্নি’ ও ‘দেয়ালের দেশ’। শেষ দিনে দর্শকরা দেখতে পারবেন ‘আমেরিকান ড্রিম’, ‘ঈদ মোবারক’, ‘বিশ্বাস করেন ভাই’ এবং ‘শেকড়’সহ বেশ ক’টি সিনেমা।
এছাড়া উৎসবের সমাপনী অনুষ্ঠানে ২০২৩ থেকে ২০২৫ সালের সিনেমার ওপর ভিত্তি করে ২০টি বিভাগে পুরস্কার প্রদান করা হবে। নির্মাতা, শিল্পী, কলাকুশলী ও সিনেমাপ্রেমীদের উপস্থিতিতে বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে শেষ হবে এবারের নিউইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল।















