সারাদেশ

আশাশুনিতে খোলপেটুয়া নদীর বেড়িবাঁধে ভয়াবহ ভাঙন, আতঙ্কে এলাকাবাসী

  সাতক্ষীরা প্রতিনিধি: ৬ এপ্রিল ২০২৬ , ১:৫৭:৪৮ প্রিন্ট সংস্করণ


সাতক্ষীরার আশাশুনি উপজেলার আনুলিয়া ইউনিয়নের কাকবাসিয়া এলাকায় খোলপেটুয়া নদীর বেড়িবাঁধে গুরুতর ভাঙন দেখা দিয়েছে। এতে স্থানীয় বাসিন্দাদের মধ্যে চরম উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে।

সোমবার (৬ এপ্রিল) সকালে প্রবল স্রোতের তোড়ে সবুর গাজীর বাড়ির সংলগ্ন স্থানে হঠাৎ ভাঙন শুরু হয়। অল্প সময়ের মধ্যেই প্রায় ১০০ হাত বাঁধ নদীগর্ভে বিলীন হয়ে যায়। একই সঙ্গে ভাঙনস্থল থেকে প্রায় ৫০ ফুট উত্তরে এবং ১০০ ফুট দক্ষিণে আরও দুটি অংশ মারাত্মক ঝুঁকির মুখে রয়েছে।

স্থানীয়দের ভাষ্য, কাকবাসিয়া খেয়াঘাট সংলগ্ন এলাকায় সম্প্রতি জিও ব্যাগে বালু ও মাটি ফেলে বাঁধ রক্ষার উদ্যোগ নেওয়া হলেও তা কার্যকর হয়নি। কয়েকদিন আগেই বাঁধে ফাটল দেখা দিয়েছিল, যা এখন বড় ধরনের ভাঙনে রূপ নিয়েছে।

খবর পেয়ে আনুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রুহুল কুদ্দুছ এবং ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা হারুন অর রশিদ ঘটনাস্থল পরিদর্শন করেন।

ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জানান, ভাঙনের কারণে প্রতিনিয়ত বাঁধের অংশ নদীতে বিলীন হচ্ছে। তিনি বলেন, গত বছর ঈদের দিনও একইভাবে বাঁধ ভেঙে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছিল। দ্রুত কার্যকর ব্যবস্থা না নিলে পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি।

আরও খবর

Sponsered content