প্রতিনিধি ৩ ডিসেম্বর ২০২৫ , ৯:০০:২৬ প্রিন্ট সংস্করণ
কিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খান আদিয়ালা কারাগারে সুস্থ আছেন বলে জানিয়েছেন তার বোন উজমা খানম। সম্প্রতি কারাগারে ইমরানের মৃত্যুর গুঞ্জনের মধ্যে গতকাল উজমা কারাগারে ভাইয়ের সঙ্গে দেখা করার অনুমতি পান। এর আগে ইমরানের ছেলেও বাবা বেঁচে থাকার প্রমাণ দাবি করেছিলেন। গতকাল উজমার সাক্ষাতের মধ্য দিয়ে সব জল্পনার অবসান হলো। খবর ডনের।
খবরে বলা হয়, কারা কর্তৃপক্ষ গতকাল উজমাকে ইমরানের সঙ্গে দেখার করার অনুমতি দেয়। উজমা যখন কারা অভ্যন্তরে যান সেই সময় কারাগারের বাইরে বহু পিটিআই সমর্থক অবস্থান করছিলেন। ইমরানের সঙ্গে সাক্ষাতের পর সংবাদমাধ্যমকে সংক্ষেপে বলেন, ইমরান খান পুরোপুরি সুস্থ আছেন, ভালো আছেন। তবে তিনি অত্যন্ত ক্ষুব্ধ এবং বলেছিলেন যে তাকে মানসিক নির্যাতন করা হচ্ছে।
উজমা খানম আরও বলেন, ইমরানকে সারাদিন তার কক্ষে আটকে রাখা হচ্ছে। এবং অল্প সময়ের জন্য তাকে তাকে বাইরে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছিল। তিনি আরও জানান, ইমরানের সঙ্গে প্রায় ৩০ মিনিট সাক্ষাৎ হয়েছে। সম্প্রতি পিটিআই কর্মীরা দাবি করেছেন, তাদের কারোর সঙ্গে ইমরানের সাক্ষাতের অনুমতি দেওয়া হয়নি। এমনকি পরিবারের সদস্যদেরও অনুমতির আবেদন কারা কর্তৃপক্ষ ফিরিয়ে দিয়েছিল।
খাইবার পাখতুনখোয়ার মুখ্যমন্ত্রী সোহেল আফ্রিদির মতে, ২৭ অক্টোবর থেকে কাউকে ইমরান বা তার স্ত্রী বুশরা বিবির সঙ্গে দেখা করতে দেওয়া হয়নি। এরপর সামাজিক মাধ্যমসহ নানা মাধ্যমে ছড়িয়ে পড়ে কারাগারের অভ্যন্তরে ইমরানকে হত্যা করা হয়েছে। যদিও কারা কর্তৃপক্ষ শুরু থেকেই এমন দাবি খারিজ করে আসছিল।
এদিকে গতকাল ইমরানের দল পিটিআই বড় ধরনের বিক্ষোভের ডাক দিয়েছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণে কর্তৃপক্ষ রাজধানী ইসলামাবাদ ও রাওয়ালপিন্ডিতে ১৪৪ ধারা জারি করেছিল।




















