সারাদেশ

‘কলস’ প্রতীকে সেবার রাজনীতি প্রতিষ্ঠার ঘোষণা সোহেল রানার

  ইশরাক হোসেন বিল্লাল ।। ঢাকা ২১ জানুয়ারি ২০২৬ , ১১:৪৩:১১ প্রিন্ট সংস্করণ

ঢাকা-১৩ (মোহাম্মদপুর-আদাবর-শেরেবাংলা নগর) আসনের  স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী ও সমাজসেবক সোহেল রানা বলেছেন, এই ঐতিহ্যবাহী জনপদ আজ ভয় ও আতঙ্কের নগরীতে পরিণত হয়েছে। চাঁদাবাজি, ছিনতাই ও মাদকের অভিশাপ থেকে সাধারণ মানুষকে মুক্তি দিতে এবং ব্যবসার রাজনীতির বদলে সেবার রাজনীতি প্রতিষ্ঠা করতেই তিনি ‘কলস’ প্রতীক নিয়ে নির্বাচনী লড়াইয়ে নেমেছেন।

বুধবার (২১ জানুয়ারি) আয়োজিত এক সংবাদ সম্মেলনে নিজের নির্বাচনী ইশতেহার তুলে ধরে এসব কথা বলেন তিনি। এ সময় ঢাকা-১৩ আসনের জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন সোহেল রানা।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, “আমি প্রচলিত রাজনৈতিক বলয় ও পেশিশক্তির বাইরে থেকে একজন স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করেছি। গত এক দশক ধরে আমি পথশিশু ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে কাজ করছি। সেই অভিজ্ঞতা থেকেই আমি উপলব্ধি করেছি, সমাজের মূল সমস্যাগুলোর সমাধান করতে হলে জাতীয় সংসদে সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন।”

এলাকার বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, “মোহাম্মদপুর, আদাবর ও শেরেবাংলা নগর এক সময় ঐতিহ্য ও গৌরবের প্রতীক ছিল। কিন্তু বর্তমানে এখানে নাগরিক নিরাপত্তা চরম সংকটে। জলাবদ্ধতা, তীব্র যানজট ও অপশাসনের ভারে এই আসনটি জর্জরিত। আমি নির্বাচিত হলে তরুণদের জন্য কর্মসংস্থান সৃষ্টি, আধুনিক ও বাসযোগ্য নগর গড়ে তোলা এবং নারীদের নিরাপত্তা নিশ্চিত করাকে অগ্রাধিকার দেব।”

ভোটারদের প্রতি আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, “কলস শুধু একটি প্রতীক নয়; এটি মানবিক রাজনীতির প্রতীক। আমি আপনাদের কাছে ভোট চাই ক্ষমতার জন্য নয়, বরং ঢাকা-১৩ আসনকে একটি নিরাপদ ও উন্নত জনপদে রূপান্তর করার জন্য। আমি এই এলাকার সন্তান হিসেবে আপনাদের দোয়া ও সমর্থন প্রত্যাশা করছি।”

সংবাদ সম্মেলনে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এসময় সোহেল রানা আশাবাদ ব্যক্ত করে বলেন, ভোটাররা যদি নির্ভয়ে ভোট দিতে পারেন, তবে ঢাকা-১৩ আসনে পরিবর্তনের সূচনা হবে।

উল্লেখ্য, দীর্ঘদিন ধরে সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে কাজ করার কারণে এলাকায় তিনি ‘পথশিশুদের বন্ধু’ হিসেবে পরিচিত। নির্বাচিত হলে তার অগ্রাধিকার থাকবে—শিশুদের সঠিক বিকাশ ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করা, মানসিক ও শারীরিক স্বাস্থ্য সুরক্ষা, নাগরিক অধিকার রক্ষা, প্রশাসনের জবাবদিহিতা নিশ্চিত করা এবং কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে একটি অপরাধমুক্ত নিরাপদ ঢাকা-১৩ গড়ে তোলা।

পরিবর্তনের অঙ্গীকার করে এই স্বতন্ত্র প্রার্থী বলেন, “আমি সোহেল রানা, আপনাদেরই সন্তান। আমাকে সংসদে আপনাদের কণ্ঠস্বর হওয়ার সুযোগ দিলে আমি সবার প্রাপ্য অধিকার, সম্মান ও ন্যায়বিচার প্রতিষ্ঠা করব ইনশাআল্লাহ।”

আরও খবর

Sponsered content