প্রতিনিধি ২৫ আগস্ট ২০২৬ , ৪:৪২:০৯ প্রিন্ট সংস্করণ
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নাক, কান ও গলা (ইএনটি) বিভাগের প্রধান অধ্যাপক ডা. মোহাম্মদ আসাদুর রহমানের ওপর হামলা মামলায় ফুড ডেলিভারিম্যানের জীবন ওরফে আদিলের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসান শাহাদাত এ আদেশ দিয়েছেন।
গত ১৯ অগাস্ট মামলার তদন্ত কর্মকর্তা পল্টন মডেল থানার এসআই মো. আতিকুজ্জামান এ আসামির ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। এদিন শুনানিকালে জীবনকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়।
রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী রিমান্ডের পক্ষে যুক্তি তুলে ধরে সর্বোচ্চ রিমান্ডের প্রার্থণা করেন।জীবনের পক্ষে কোনো আইনজীবী ছিলেন না। তার কিছু বলার আছে কি না জানতে চায় আদালত। জীবন বিচারককে বলেন, ‘আমি নিজে ডক্টর দেখাতে গিয়েছিলাম। তখন এ দুর্ঘটনা ঘটে। আমি ফুড ডেলিভারীর কাজ করছি। আমার ফোন নাই। কাজ করতে পারছি না। তার মাথাও ফাটিয়ে দিয়েছে বলে জানান জীবন। তখন বিচারক জানতে চান,’কে ফাটিয়েছে?’ জীবন জানান, ওইখানের কয়েকজন গার্ড। আমি তাদের নাম জানি না। পরে আদালত তার পাঁচ দিনের রিমান্ডের আদেশ দেয়।
এ মামলায় গ্রেপ্তার ফারহান শাহরিয়ার ইভানের গত ২২ আগস্ট ৫ দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। গত ১৭ অগাস্ট রাত ১০ টার দিকে শান্তিনগর এলাকায় আসাদুর রহমানের উপর হামলার ঘটনা ঘটে। সেখান থেকে জীবনকে গ্রেপ্তার করা হয়। পরদিন তাকে কারাগারে পাঠানো হয়।
গত ১৭ অগাস্ট রাজধানীর শান্তিনগরের পপুলার ডায়াগনস্টিক সেন্টারের চেম্বার থেকে বের হয়ে অটোরিকশায় ওঠার পর রাত ১১টার দিকে হামলার শিকার হন ৫৫ বছর বয়সি চিকিৎসক আসাদুর রহমান। তার মাথায়, মুখে, চোখে আঘাত করা হয়। রক্তাক্ত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানেই তার চিকিৎসা চলছে। হামলার আগে ১১ দিন আগে তার কাছে অপরিচিত নম্বর থেকে চাঁদা দাবি করা হয়েছিল বলে জানিয়েছে এ অধ্যাপক। চাঁদা দিতে সময়সীমাও বেঁধে দেওয়া হয়েছিল। সেই সময়সীমা পার হওয়ার দুদিন পরই তার ওপর আক্রমণ চালানো হয়। মারধরের সময় ঘটনাস্থল থেকে একজনকে আটক করেন আশেপাশের লোকজন।
এ ঘটনায় ১৮ অগাস্ট আসাদুর রহমান মামলা দায়ের করেন।















