সারাদেশ

খুলনায় রূপসা ব্রিজের নিচে অস্ত্র ও ককটেলসহ আটক ৩

  প্রতিনিধি ২৯ সেপ্টেম্বর ২০২৬ , ৯:৩৩:৪২ প্রিন্ট সংস্করণ

খুলনা মহানগরীর রূপসা ব্রিজের নিচ থেকে বিদেশি পিস্তল, গুলি, ককটেলসহ তিনজনকে আটক করেছে লবণচরা থানা পুলিশ।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাত পৌনে ৯টার দিকে ব্রিজের তলদেশে ‘জালালের তুষ মিল’ সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

আটক ব্যক্তিরা হলেন—খুলনা সদর থানা এলাকার রায়পাড়ার বাসিন্দা রনি মোল্লা (২৮), হরিণটানা থানা এলাকার ওহাব জুটমিল কোয়ার্টারের মো. আলামিন হাওলাদার (২৩) এবং লবণচরা থানা এলাকার রূপসা স্ট্যান্ড রোড ডাক্তারবাড়ি গলির স্মরজিৎ জমাদার ওরফে স্মরণ (২৬)।

লবণচরা থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে চালানো ওই অভিযানে আটক ব্যক্তিদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, ৪ রাউন্ড তাজা গুলি ও ৩টি ককটেল উদ্ধার করা হয়। এ ছাড়া তাঁদের ব্যবহৃত একটি মোটরসাইকেল, কালো রঙের মুখোশ ও নাইট ভিশন ক্যাপ/নেট ব্যান্ড জব্দ করা হয়েছে।

আটককৃতদের বিরুদ্ধে অবৈধ অস্ত্র ও বিস্ফোরক আইনে লবণচরা থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।

আরও খবর

Sponsered content