সারাদেশ

সিলেট-৬ আসনে বিএনপি প্রার্থী নিয়ে বিভাজন, ফয়সল চৌধুরীকে মনোনয়নের দাবি তৃণমূলে

  সিলেট ব্যুরো: ১৩ নভেম্বর ২০২৫ , ১০:৪২:৫৮ প্রিন্ট সংস্করণ


সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনে বিএনপির প্রার্থী হিসেবে জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমরান আহমদ চৌধুরীর নাম ঘোষণার পর থেকেই তৃণমূল পর্যায়ে নতুন সমীকরণ তৈরি হয়েছে। মাঠের রাজনীতিতে পরিবর্তন এসেছে স্থানীয় নেতাকর্মীদের অবস্থানে।

রোববার (৯ নভেম্বর) হযরত শাহজালাল (রহ.) এর মাজার জিয়ারত করে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করেন এমরান আহমদ চৌধুরী। তবে বিয়ানীবাজার উপজেলা বিএনপির পক্ষ থেকে কেন্দ্রের কাছে দাবি উঠেছে—এই আসনে ফয়সল আহমদ চৌধুরীকে প্রার্থী করা হোক। তারা মনোনয়ন সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছেন।

ফয়সল আহমদ চৌধুরী ২০১৮ সালের সংসদ নির্বাচনে ধানের শীষের প্রার্থী হিসেবে আওয়ামী লীগের প্রার্থী ও সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে লক্ষাধিক ভোট পেয়েছিলেন। ‘রাতের ভোট’ হিসেবে আলোচিত সেই নির্বাচনে প্রতিকূল পরিস্থিতিতেও তিনি এলাকায় সক্রিয় ছিলেন।

শনিবার (৮ নভেম্বর) বিয়ানীবাজারে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় উপজেলা বিএনপির নেতারা ফয়সল চৌধুরীকে প্রার্থী করার দাবিতে বক্তব্য রাখেন। সভায় সভাপতিত্ব করেন পৌর বিএনপির সভাপতি মিজানুর রহমান রুমেল এবং পরিচালনা করেন উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক মিছবাহ উদ্দিন।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ছরওয়ার হোসেন বলেন, “২০১৮ সালের প্রতিকূল সময়ে ফয়সল আহমদ চৌধুরী বীরদর্পে মাঠে ছিলেন, ১ লাখ ৮ হাজার ভোট পেয়েছেন। গোলাপগঞ্জ-বিয়ানীবাজারের মানুষের মনে তিনি জায়গা করে নিয়েছেন। চূড়ান্ত তালিকায় যেন ফয়সল চৌধুরীর নাম অন্তর্ভুক্ত করা হয়—এটাই আমাদের দাবি।”

তিনি আরও বলেন, “ফয়সল আহমদ চৌধুরীকে মনোনয়ন দিলে এই আসনে বিজয় নিশ্চিত হবে, কর্মীদের আলাদা করে প্রচারণা চালাতে কষ্ট করতে হবে না।”

সভায় আরও বক্তব্য রাখেন বিয়ানীবাজার পৌর বিএনপির সহসভাপতি নজরুল ইসলাম এবং উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও তিলপাড়া ইউপি চেয়ারম্যান মাহবুবুর রহমান। বক্তারা বলেন, “এই আসনটি পুনরুদ্ধার করতে হলে ফয়সল আহমদ চৌধুরীর বিকল্প নেই। তিনি ২০১৮ সালের নির্বাচনের মাধ্যমে আসনটি আবার জাতীয়তাবাদী রাজনীতির তালিকায় ফিরিয়ে এনেছেন।”

নেতারা কেন্দ্রীয় বিএনপির প্রতি আহ্বান জানান, চূড়ান্ত মনোনয়ন তালিকায় ফয়সল আহমদ চৌধুরীকে ধানের শীষ প্রতীকের প্রার্থী হিসেবে অন্তর্ভুক্ত করা হোক।

আরও খবর

Sponsered content