প্রচ্ছদ

গাজায় ইসরাইলি হামলায় নিহত আরও ৩৭

  আন্তর্জাতিক ডেস্ক ২৯ মে ২০২৫ , ৩:০২:২৬ প্রিন্ট সংস্করণ

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরাইলি বাহিনীর হামলায় আরও ৩৭ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর মধ্যে উপত্যকাটির বুরেইজ শরণার্থী শিবিরে হামলার ঘটনায় নিহত ১৯ জন রয়েছেন।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে বৃহস্পতিবার (২৯ মে) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।

প্রতিবেদনে বলা হয়েছে, গাজায় ইসরাইলি হামলায় আজ সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত ৩৭ জন নিহত হয়েছেন। যার মধ্যে, মধ্য গাজার বুরেইজে তীব্র নিহত ১৯ জন রয়েছেন।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, বুরেইজ শরণার্থী শিবিরে আবাসিক ভবনে ইসরাইলি বাহিনীর ধারাবাহিক হামলায় ১৯ জন নিহত হয়েছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গাজায় হামলা চালাচ্ছে ইসরাইলি সেনাবাহিনী। দীর্ঘ ১৯ মাস ধরে অব্যাহত এ হামলায় ৫৪ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন। আহত হয়েছেন ১ লাখ ২২ হাজারের বেশি ফিলিস্তিনি।

২০২৩ সালের ৭ অক্টোবর ইসরাইলের ভূখণ্ডে ঢুকে অতর্কিত হামলা চালায় গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠী হামাসের যোদ্ধারা। এলোপাতাড়ি গুলি চালিয়ে এক হাজার ২০০ জনকে হত্যার পাশাপাশি ২৫১ জনকে জিম্মি হিসেবে ধরে নিয়ে যায় তারা।

হামাসের হামলার জবাব দিতে এবং জিম্মিদের মুক্ত করতে ওই দিন থেকেই গাজায় অভিযান শুরু করে ইসরাইলি বাহিনী। ১৫ মাসেরও বেশি সময় ধরে টানা অভিযান চালানোর পর যুক্তরাষ্ট্র ও মধ্যস্থতাকারী অন্যান্য দেশগুলোর চাপে বাধ্য হয়ে গত ১৯ জানুয়ারি গাজায় যুদ্ধবিরতি ঘোষণা করে ইসরাইল।

কিন্তু বিরতির দু’মাস শেষ হওয়ার আগেই গত ১৮ মার্চ থেকে ফের গাজায় অভিযান শুরু করে আইডিএফ। দ্বিতীয় দফার এ অভিযানে গত আড়াই মাসে গাজায় নিহত হয়েছেন তিন হাজার ৮২২ জন ফিলিস্তিনি এবং আহত হয়েছেন আরও প্রায় ১১ হাজার।

যে ২৫১ জন জিম্মিকে হামাসের যোদ্ধারা ধরে নিয়ে গিয়েছিল, তাদের মধ্যে এখনও অন্তত ৩৫ জন জীবিত রয়েছেন বলে ধারণা করা হচ্ছে। সামরিক অভিযানের মাধ্যমে তাদের উদ্ধার করার ঘোষণা দিয়েছে আইডিএফ।

 

আরও খবর

Sponsered content