সারাদেশ

এরশাদ নগরে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন

  মো. নুরুজ্জামান শেখ, গাজীপুর: ১৪ এপ্রিল ২০২৬ , ৬:৩৮:২৩ প্রিন্ট সংস্করণ


গাজীপুর মহানগরের ৪৯ নম্বর ওয়ার্ডের এরশাদ নগর এলাকায় বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ ১৪৩৩ উপলক্ষে বর্ণাঢ্য ও আনন্দঘন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

সকাল থেকেই এলাকার সর্বস্তরের মানুষ উৎসবের আনন্দে মেতে ওঠেন এবং অনুষ্ঠানস্থলে ভিড় জমাতে থাকেন। দিনব্যাপী এই আয়োজনের উদ্যোগ নেন কাউন্সিলর পদপ্রার্থী ও সাবেক টঙ্গী থানা যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম কামু।

অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল সাংস্কৃতিক পরিবেশনা ও ঐতিহ্যবাহী পান্তা ভোজ। শিশু, কিশোর, তরুণ ও বয়স্কসহ সব বয়সী মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি আরিফ হোসেন হাওলাদার। এছাড়া স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের নেতৃবৃন্দ এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সাংস্কৃতিক পর্বে দেশাত্মবোধক গান, লোকসংগীত, নৃত্যসহ বিভিন্ন পরিবেশনা দর্শকদের মুগ্ধ করে।

অন্যদিকে পান্তা-ইলিশসহ বাঙালির ঐতিহ্যবাহী নানা খাবারের আয়োজন উৎসবে ভিন্নমাত্রা যোগ করে। সবাই একসঙ্গে বসে খাবার উপভোগ করেন, যা সামাজিক সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধের এক উজ্জ্বল উদাহরণ হয়ে ওঠে।

বক্তারা বলেন, বাংলা নববর্ষ বাঙালির সংস্কৃতি ও ঐতিহ্যের গুরুত্বপূর্ণ অংশ। এ ধরনের আয়োজন নতুন প্রজন্মকে ঐতিহ্যের সঙ্গে পরিচিত করার পাশাপাশি সমাজে সৌহার্দ্য ও সম্প্রীতি বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

দিনব্যাপী এই আয়োজন আনন্দ, ঐতিহ্য ও মিলনের এক প্রাণবন্ত উৎসবে পরিণত হয়, যা স্থানীয়দের কাছে স্মরণীয় হয়ে থাকবে।

আরও খবর

Sponsered content